Bartaman Logo
৮ জুন, ২০২৬

বিচারপতির বাড়ির কাছেই উদ্ধার ৫০০ টাকার পোড়া নোটের টুকরো

বিচারপতির বাড়ির কাছেই উদ্ধার ৫০০ টাকার পোড়া নোটের টুকরো
  • ২৪ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: দিল্লি হাইকোর্টের বিচারপতি যশোবন্ত ভার্মার বাসভবন থেকে হিসাব বর্হিভূত নগদ উদ্ধার ঘিরে শোরগোল পড়ে গিয়েছে দেশে। এবার তাঁর বাড়ির কাছে ঝরা পাতার মধ্যে মিলল কিছু পোড়া নোটের টুকরো। সেগুলি আবার ৫০০ টাকা নোটের অংশ। রবিবার ইন্দ্রজিৎ নামে এক সাফাইকর্মী দাবি করেন, আমরা কয়েকজন মিলে ওই এলাকার রাস্তাঘাট পরিষ্কার করে থাকি। চার-পাঁচদিন আগেও আবর্জনা সাফ করার সময় ৫০০ টাকার নোটের কিছু টুকরো খুঁজে পেয়েছিলাম। এরপর রবিবার ফের ঝরা পাতার মধ্যে থেকে পোড়া নোটের কিছু টুকরো খুঁজে পেয়েছি। সুরেন্দ্র নামে অপর এক সাফাইকর্মী বলেন, কিছুদিন আগেও আমরা ৫০০ টাকার নোটের কিছু পোড়া অংশ খুঁজে পেয়েছিলাম। আজও পেয়েছি। তবে বিচারপতি বাড়িতে আগুন লাগার বিষয়ে তাঁরা কিছুই জানেনে না। তাঁদের কথায়, আমরা শুধু রাস্তা-ঘাটের আবর্জনা সাফ করি। অন্য বিষয়ে মন্তব্য করব না। বিচারপতি ভার্মাও অবশ্য যাবতীয় অভিযোগ অস্বীকার করেছিলেন। টাকা উদ্ধারের ব্যাপারে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা কেউ কিছুই জানেন না। তাঁকে ফাঁসানোর চক্রান্ত হচ্ছে বলে দাবি করেছেন বিচারপতি। 

Advertisement

গত ১৪ মার্চ দোলের দিন রাতে দিল্লি হাইকোর্টের বিচারপতি যশোবন্ত ভার্মার সরকারি বাসভবনে আগুন লেগেছিল। দমকলকর্মীরা আগুন নেভাতে এসে বিপুল টাকার হদিশ পান বলে অভিযোগ। সেই ঘটনার জল গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। বিচারপতির বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। পাশাপাশি যতদিন পর্যন্ত বিষয়টির নিষ্পত্তি না হচ্ছে, বিচারপতি ভার্মাকে বিচারপ্রক্রিয়া থেকে দূরে রাখার নির্দেশও দেয় শীর্ষ আদালত। ঘটনায় দিল্লি হাইকোর্টের থেকেও রিপোর্ট তলব করা হয়েছিল। ওই রিপোর্ট ইতিমধ্যে সুপ্রিম কোর্টে জমা পড়েছে। শীর্ষ আদালতের ওয়েবসাইটেও ঘটনার দিনের পোড়া টাকার ছবিও প্রকাশ করা হয়েছে। ভিডিওতে  বিচারপতি ভার্মার বক্তব্যও তুলে ধরা হয়েছে। তিনি জানিয়েছেন, ‘ঘটনার দিন আমি দিল্লিতে ছিলাম না। স্ত্রীর সঙ্গে ভোপালে গিয়েছিলেন। যে ঘর থেকে টাকা উদ্ধার হয়েছে, সেটি মূল বাসভবনের বাইরে। পরে ঘটনার ভিডিওটি দেখে হতবাক হয়ে গিয়েছিলাম। আমাকে ফাঁসানো এবং অপমান করার জন্য বড় ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে মনে করছি।’ পাশাপাশি তাঁর সমস্ত আর্থিক লেনদেন ব্যাঙ্কের মাধ্যমে হয়ে থাকে। এব্যাপারে যাবতীয় তথ্য দিতে রাজি রয়েছেন বলেও জানিয়েছেন বিচারপতি ভার্মা। 

সম্পর্কিত সংবাদ