Bartaman Logo
২১ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

ইসলামপুরের গুঞ্জরিয়ায় একই রাতে পাঁচটি বাড়িতে চুরি, চাঞ্চল্য

একই পাড়ায় একই রাতে পাঁচটি বাড়িতে চুরি। তিনটি বাড়িতে সিঁধ কেটে এবং দু’টি বাড়ির তালা ভেঙে সোনা, রুপো ও নগদ টাকা, চাল ভর্তি ড্রাম নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা

ইসলামপুরের গুঞ্জরিয়ায় একই রাতে পাঁচটি বাড়িতে চুরি, চাঞ্চল্য
  • ৩০ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, ইসলামপুর: একই পাড়ায় একই রাতে পাঁচটি বাড়িতে চুরি। তিনটি বাড়িতে সিঁধ কেটে এবং দু’টি বাড়ির তালা ভেঙে সোনা, রুপো ও নগদ টাকা, চাল ভর্তি ড্রাম নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। বৃহস্পতিবার গভীর রাতে ইসলামপুরের গুঞ্জরিয়ার বিবেকানন্দ কলোনিতে এই দুঃসাহসিক চুরিগুলি হয়েছে। শুক্রবার সকালে বিষয়টি প্রকাশ্যে আসতেই এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। 

Advertisement

স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্য নিতাই রায় বলেন, সকালে দেখছি পাঁচটি বাড়িতে চুরি হয়েছে। দীর্ঘদিন এলাকায় এমন ঘটনা ঘটেনি। এবার হঠাৎ করে এক রাতে পাঁচটি বাড়িতে চুরির ঘটনা আশ্চর্যজনক। কারও বাড়িতে সিঁধ কেটে চুরি করেছে কারও বা তালা ভেঙে চুরি হয়েছে। বিষয়টি পুলিসকে জানাব। মিনি রায় নামে ক্ষতিগ্রস্ত এক গৃহবধূ বলেন, স্বামী ও দুই ছেলে নিয়ে আমাদের সংসার। কষ্টেসৃষ্টে দিন কাটাই। সিঁধ কেটে চোর ঘরে ঢুকেছিল। সোনা ও রুপোর গয়না ও মোবাইল চুরি হয়েছে। আর এক মহিলা ললিতা ঠাকুর বলেন, আমরা দিন আনি দিন খাই। মেয়ের জন্য কিছু গয়না বানিয়ে রেখেছিলাম। সে সমস্ত কিছুই চুরি গিয়েছে। দু’টি মোবাইল ফোনও চুরি হয়েছে।
খোকন নন্দীর বাড়িতেও দুষ্কৃতীরা সিঁধ কেটেছিল কিন্তু জিনিসপত্র নিতে পারেনি। খোকনবাবু বলেন, রাত ১টা নাগাদ ঘরের ভিতরে আওয়াজ হয়। আলো জ্বালিয়ে দেখতে পাই সিঁধ কেটেছে। তবে ঘর থেকে কিছু চুরি করতে পারেনি। আমার ভাইয়ের বাড়িতে তালা ভেঙে সমস্ত কিছু চুরি করে নিয়ে গিয়েছে। আন্না নন্দী বলেন, কয়েক বছর আগে স্বামীর মৃত্যু হয়েছে। আমি লোকের বাড়িতে কাজ করে সংসার চালাই। রাতে বাড়িতে ছিলাম না। বাবার বাড়ি গিয়েছিলাম। রাত ১টা নাগদ ফোনে খবর পাই চুরি হয়েছে। সোনা ও রুপোর গয়না ও নগদ টাকা চুরি হয়েছে। ইসলামপুর থানার পুলিস জানিয়েছে, সমস্ত চুরির ঘটনার তদন্ত চলছে।  এখান দিয়েই চোর একটি বাড়িতে ঢোকে।-নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ