নিজস্ব প্রতিনিধি, আসানসোল: বড়ো সাফল্য পুলিশের। ডাকাতি করার আগেই গ্রেপ্তার দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে রানীগঞ্জের আমরাসতা মোড় এলাকায়।
নিজস্ব প্রতিনিধি, আসানসোল: বড়ো সাফল্য পুলিশের। ডাকাতি করার আগেই গ্রেপ্তার দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে রানীগঞ্জের আমরাসতা মোড় এলাকায়।
জানা গিয়েছে, ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়ার কথা ছিল দুষ্কৃতীদের। ঠিক সেই সময়ে আগ্নেয়াস্ত্র ও অন্যান্য সরঞ্জাম-সহ দুষ্কৃতীদের গ্রেপ্তার করল রানীগঞ্জ থানার পাঞ্জাবি মোড় ফাঁড়ির পুলিশ। তবে রাতের অন্ধকারের সুযোগ নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় আরও দুই দুষ্কৃতী। পাঞ্জাবি মোড় ফাঁড়ির আইসি, নাজমুল হুদার নেতৃত্বে গোপন সূত্রে খবর পেয়ে রাত প্রায় সাড়ে তিনটে নাগাদ রানীগঞ্জের আমরাসতা মোড় এলাকায় একটি ওমনি ভ্যান আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে উদ্ধার হয় একটি দেশি আগ্নেয়াস্ত্র, এক রাউন্ড কার্তুজ, দুটি ধারালো অস্ত্র, লোহার কাটার যন্ত্রাংশ, তিনটি মোবাইল ফোন এবং একটি লোহার রড। এই ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছে তাজ খান (১৯), শেখ আজহারউদ্দিন (৩০), শেখ আলাউদ্দিন (২৩), শেখ হাসান (১৯)।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা সকলেই বীরভূম জেলার দুবরাজপুর ও কাঁকরতলা এলাকার বাসিন্দা। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ডাকাতির উদ্দেশ্যেই ওই দুষ্কৃতীদের জড়ো হওয়ার পরিকল্পনা ছিল। তবে কিছু করার আগেই গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়। আজ তাঁদের আসানসোল জেলা আদালতে তোলা হচ্ছে বলে জানা গিয়েছে।