নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: চুরি যাওয়ার ছ’দিনের মধ্যেই সাঁতারু বুলা চৌধুরীর পদ্মশ্রীর ব্রোচ ও আরও ১৩টি পদক উদ্ধার করল উত্তরপাড়া থানার পুলিস। চুরির ঘটনায় রিষড়া থেকে শেখ শামিম ও মহম্মদ চাঁদ নামের দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। অবশেষে সমস্ত পদক ফেরত পেয়ে খুশি বুলাদেবী। পুলিসের তৎপরতার ভুয়সী প্রশংসা করেছেন তিনি। গত ১৫ আগস্ট বুলাদেবীর উত্তরপাড়ার দেবাইপুকুরের বাড়ি থেকে পদক চুরি হয়েছিল। সেই সময় তিনি কলকাতার কসবার বাড়িতে ছিলেন। সারা জীবনের অর্জিত সমস্ত পদক খোয়া যাওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। পদক উদ্ধার করতে চন্দননগর কমিশনারেটের বিশেষ দল তদন্ত শুরু করে। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই একজনকে গ্রেপ্তার করে তারা। ধৃতের কাছ থেকে উদ্ধার হয় ২৯৫টি পদক। সেই সময় পুলিস জানিয়েছিল, অধিকাংশ পদকই উদ্ধার হয়ে গিয়েছে। কিন্তু তখনও পাওয়া যায়নি বুলাদেবীর পদ্মশ্রীর ব্রোচটি। যদিও সেটি উত্তরপাড়ায়, নাকি কসবার বাড়িতে রাখা ছিল, সে বিষয়ে ধন্ধে ছিলেন বুলাদেবী। এরপর দ্বিতীয় পর্যায়ে তদন্ত শুরু করে পুলিস। অবশেষে বুধবার গভীর রাতে চুরির বাদবাকি ১৩টি পদক সহ রিষড়া থেকে দুই অভিযুক্তকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। ধৃত দু’জনের মধ্যে শামিম মূল অভিযুক্ত বলে জানা গিয়েছে। সব পদক উদ্ধারের পর এদিন একটি সাংবাদিক সম্মেলন করে পুলিস। সেখানে জানানো হয়, উত্তরপাড়া থানার আইসি অমিতাভ সান্যালের নেতৃত্বে একটি বিশেষ দল অভিযান চালিয়ে এই সাফল্য পেয়েছে।



