নয়াদিল্লি: দিল্লির সত্য নিকেতনে হস্টেল ভেঙে পড়ার স্মৃতি এখনও তাজা। ঘটনায় মৃত্যু হয়েছিল সাত পড়ুয়ার। এরইমধ্যে বিপর্যয়ের আশঙ্কায় চাঞ্চল্য ছড়াল গান্ধীনগর এলাকায়। আচমকাই হেলে পড়ল সেখানকার একটি চারতলা বাড়ি। এরপর তড়িঘড়ি বাসিন্দাদের ওই বাড়ি থেকে সরানো হয়। বাড়িটির দেওয়ালে বড়োসড়ো ফাটল দেখা দিয়েছে বলে খবর। এই পরিস্থিতিতে হেলে পড়ায় বাড়িটি ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে দিল্লি পুরসভা। রবিবার খবর পেয়ে পুলিশ ও পুরকর্মীরা ঘটনাস্থলে চলে আসেন। আশপাশের বাসিন্দাদের নিরাপত্তার কথা মাথায় রেখে পুলিশ ঘটনাস্থল ঘিরে দেয়। পুরসভার এক আধিকারিক জানান, মালিককে বাড়িটি ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। মালিক নিজে থেকে ভবনটি না ভাঙলে আইন অনুযায়ী এমসিডি প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।



