নিজস্ব প্রতিনিধি, বারাসত: উত্তর ২৪ পরগনায় ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচিতে ব্যাপক সাড়া। শেষ পাঁচদিনে এই জেলার বিভিন্ন শিবিরে প্রায় ১০ হাজার কাজের তালিকা এসেছে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গিয়েছে মূলত বিভিন্ন ঘরোয়া সমস্যার সমাধানের জন্য আবেদন করছেন মানুষ। তালিকায় রয়েছে শৌচালয় তৈরি থেকে শুরু করে সোকপিট বা স্ট্রিট লাইট বসানোর মতো সমস্যা। কেউ কেউ বাড়ির সামনে রাস্তা তৈরিরও আবেদন করেছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নিয়ম মেনে এইসব আবেদনের বাস্তবায়ন হবে।
বাংলার মানুষকে তৃণমূল স্তরে পরিষেবা পৌঁছে দিতে ধারাবাহিক উদ্যোগের মধ্যে নতুন পালক হল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। এই নতুন প্রকল্প চালু করে মানুষের পরিষেবা নিশ্চিত করতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। দেশে এই রকম উদ্যোগ এই প্রথম। এই প্রকল্পে মানুষ নিজের বুথ এলাকার সমস্যাগুলি নিজেরাই চিহ্নিত করবেন। আর তা অগ্রাধিকারের ভিত্তিতে সংস্কার বা মেরামত করবে প্রশাসন। উত্তর ২৪ পরগনার প্রতিটি ক্যাম্পে মানুষের সাড়া মিলেছে। তিনটি বুথ পিছু একটি শিবির হয়েছে। এক-একটি বুথের জন্য ১০ লক্ষ করে টাকা বরাদ্দ করছে নবান্ন। প্রতিটি শিবিরে ‘দুয়ারে সরকার’ কর্মসূচির কাউন্টারও খোলা হয়েছে। সেখানে লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্যভাতা সহ ৩৭টি জনকল্যাণমূলক প্রকল্পের জন্য আবেদনপত্র জমা নেওয়া হচ্ছে। গত পাঁচদিনে বিভিন্ন প্রকল্পের ৯ হাজার ৭০০টি আবেদনের দাবি জানিয়েছেন মানুষ। সেখানে দেখা গিয়েছে, বেশিরভাগ আবেদন এসেছে রাস্তা তৈরির। তবে ওই তালিকায় আছে স্ট্রিট লাইট, সিসি ক্যামেরা বসানো থেকে শুরু করে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সংস্কার ও সোকপিট তৈরি সহ বিভিন্ন কাজ। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বসিরহাটের দিক থেকে স্কিম এসেছে বেশি। এই সংখ্যা প্রায় তিন হাজার। বনগাঁর দিক থেকে আবেদন এসেছে এক হাজারের মতো।