নয়াদিল্লি: অশ্লীল মন্তব্যের জেরে বিপাকে ইউটিউবার রণবীর এলাহাবাদিয়া। মঙ্গলবার তাঁর মুম্বইয়ের ভারসোভার বাড়িতে পৌঁছয় পুলিস। দীর্ঘক্ষণ তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে খবর। ইতিমধ্যে এই ঘটনায় ক্ষমা চেয়েছেন রণবীর। পাশাপাশি ইউটিউবও বিতর্কিত মন্তব্যের ভিডিওটি সরিয়ে দিয়েছে। বিতর্ক পৌঁছে গিয়েছে সংসদেও। এদিন তথ্য-সম্প্রচার মন্ত্রকের স্ট্যান্ডিং কমিটির সদস্য উদ্ধব শিবসেনার প্রিয়াঙ্কা চতুর্বেদী বলেছেন, কমেডির নামে অশ্লীল মন্তব্য করার বিষয়টি সীমা ছাড়িয়েছে। এসব মেনে নেওয়া যায় না। যা কিছু বলার অধিকার কোনও প্ল্যাটফর্মই কাউকে দেয় না। তার কয়েক লক্ষ ফলোয়ার আছে। বহু রাজনীতিবদ তাঁর পডকাস্টে এসেছেন। প্রধানমন্ত্রী মোদি তাঁকে পুরস্কার দিয়েছেন। আমি কমিটির সদস্য হিসেবে বিষয়টি তুলব। কমিটির আর এক সদস্য বিজেডির সস্মিত পাত্রও বলেছেন কড়া গাইডলাইনের বিষয়টি তুলে ধরা হবে। জাতীয় মহিলা কমিশনও ওই মন্তব্যে উদ্বেগ প্রকাশ করেছে। ১৭ ফেব্রুয়ারি এলাহাবাদিয়া ও অন্য কয়েকজন কনটেন্ট ক্রিয়েটরকে তলব করেছে কমিশন। এর মধ্যে রয়েছে সময় রায়নাও।
Advertisement
কমেডিয়ান সময় রায়নার অনুষ্ঠান ‘ইন্ডিয়া’স গট ল্যাটেন্ট’এ যোগ দিয়েছিলেন ‘বিয়ারবাইসেপস’ খ্যাত রণবীর। সেখানেই এক প্রতিযোগীকে আপত্তিকর প্রশ্ন করেন তিনি। যা ঘিরে তুমুল বিতর্ক ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ থেকে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। মুখ খুলেছেন বলিউড তারকারাও। মনোজ বাজপেয়ি বলেন, ‘যে সমস্ত তরুণরা জনপ্রিয়, তাঁদের উচিত পরিবেশ বুঝে মন্তব্য করা।’ পরিচালক ইমতিয়াজ আলি রণবীরকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলেছেন। সময় রায়নার অনুষ্ঠান ব্যান করার দাবি জানিয়েছে অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার অ্যাসোসিয়েশন।



