সংবাদদাতা, বহরমপুর: জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ছাগল বোঝাই পিকআপ ভ্যান উল্টে মৃত্যু হল এক ব্যবসায়ীর। ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরও সাতজন ব্যবসায়ী। আশঙ্কাজনক দুজনকে কলকাতা রেফার করা হয়েছে। শনিবার দুপুর দেড়টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে ১২ নম্বর জাতীয় সড়কের উপর নদীয়া জেলার বেথুয়াডহরি টোলপ্লাজা এলাকায়। আটজনকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। সেখানেই মৃত্যু হয় মান্নাত শেখ(৪৯) নামে একজনের। মান্নাতের বাড়ি বেলডাঙা থানার মির্জাপুর খাগরুপাড়া। বেলডাঙা থানার কাপাসডাঙার বাসিন্দা দুজনকে শনিবার রাতেই কলকাতা রেফার করা হয়েছে। বাকিদের বাড়িও বেলডাঙা থানা এলাকায়। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটির চালক পলাতক বলে জানিয়েছে পুলিস।
Advertisement
মৃত ও জখমদের পরিবার সূত্রে জানা গিয়েছে, বেলডাঙা থানা এলাকার দশজন ছাগল ব্যবসায়ী শনিবার সকালে বেথুয়াডহরি ছাগলের হাটে ছাগল কিনতে গিয়েছিলেন। হাট শেষে ছাগল বোঝাই গাড়ি নিয়ে দশজনই বাড়ি ফিরছিলেন। মৃতের এক আত্মীয় জানালেন, জাতীয় সড়ক ধরে বেপরোয়া গতিতেই আসছিল গাড়িটি। বেথুয়া টোলপ্লাজা এলাকায় বিপরীতমুখী একটি পণ্যবাহী গাড়িকে সাইড দিতে গিয়েই পিকআপ ভ্যানের চালক নিয়ন্ত্রণ হারান। রাস্তার উপরই উল্টে যায় গাড়িটি। ছাগল সহ গাড়ির তলায় চাপা পড়েন ব্যবসায়ীরা। স্থানীয় বাসিন্দারা ছুটে এসে তাঁদের উদ্ধার করেন। জাতীয় সড়ক কর্তৃপক্ষের দুটি অ্যাম্বুলেন্সে সমলকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেই চিকিৎসা শুরুর কিছুক্ষনের মধ্যে মান্নাত শেখের মৃত্যু হয়। মির্জাপুর গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য আবদুল জলিল বলেন, প্রতি শনিবার কয়েকজন ব্যবসায়ী মিলে গাড়ি ভাড়া করে বেথুয়াডহরি হাট যেতেন। শনিবার হাট থেকে ফেরার পথেই দুর্ঘটনা ঘটে। কাপাসডাঙার দুই ব্যবসায়ী মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।



