Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বিয়েতে বাইক না পাওয়ায় স্ত্রীকে গলা টিপে খুনের অভিযোগ, পলাতক স্বামী

বিয়েতে বাইক না পাওয়ায় স্ত্রীকে গলা টিপে খুনের অভিযোগ, পলাতক স্বামী
  • ৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বসিরহাট: বিয়েতে আরও যৌতুক এবং বাইক না দেওয়ায় স্ত্রীকে গলা টিপে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি মাটিয়া থানার স্বরূপনগর এলাকার। পুলিস জানিয়েছে, মৃতা তুহিনা পারভিনের বয়স ২৪ বছর। তাঁর দেহ ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়। আপাতত একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে না আসা পর্যন্ত এটি খুন নাকি আত্মহত্যা, তা বলা যাবে না বলে জানিয়েছে পুলিস। এদিকে, ঘটনার পরই পলাতক অভিযুক্ত স্বামী সাব্বির আহমেদ সহ শ্বশুরবাড়ির লোকেরা।
Advertisement
মাস সাতেক আগে হাসনাবাদের বরুণহাট রামেশ্বরপুর পঞ্চায়েতের কালুতলা গ্রামের তুহিনা পারভিনের সঙ্গে বিয়ে হয় মাটিয়ার স্বরূপনগর এলাকার সাব্বির আহমেদের। তুহিনার পরিবারের দাবি, বিয়ের সময় সাব্বিরের চাহিদা মতো নগদ অর্থের পাশাপাশি আসবাবপত্র ও অন্যান্য জিনিস যৌতুক দেওয়া হয়েছিল। কিন্তু বিয়ের মাস পাঁচকের পর থেকেই অতিরিক্ত যৌতুক হিসেবে বাইক দাবি করে সে। বাইক দিতে না পারায় তুহিনার উপর অত্যাচারের মাত্রা বাড়তে থাকে। অসুস্থ বলে তুহিনাকে মঙ্গলবার দুপুরে ধান্যকুড়িয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় স্বামী ও শ্বশুরবাড়ির লোকেরা। তুহিনার বাপের বাড়ির লোকেদের দাবি, এই খবর পেয়ে ধান্যকুড়িয়া গ্রামীণ হাসপাতালে গিয়ে তাঁরা দেখেন, তুহিনার ইতিমধ্যে মৃত্যু হয়েছে। মৃতার গলায় ও শরীরের একাধিক জায়গায় ক্ষত চিহ্ন।
তাঁদের দাবি, তুহিনাকে শ্বাসরোধ করে খুন করার পর গলায় দড়ির ফাঁস দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে। বুধবার বাপের বাড়ির পক্ষ থেকে মাটিয়া থানায় জামাই সহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ করা হয়। এদিকে, এই ঘটনার পরই স্বামী ও শ্বশুরবাড়ির লোকেরা এলাকা ছেড়ে পালায়। মেয়ের পরিবারের লোকজন তাঁদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক সাজার দাবি জানিয়েছেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ