Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বিষ্ণুপুরে ১২ হাজার নাগরিকের বাড়িতে শীঘ্রই পৌঁছবে নতুন ও সংশোধিত ভোটার কার্ড

বিষ্ণুপুরে ১২ হাজার নাগরিকের বাড়িতে শীঘ্রই পৌঁছবে নতুন ও সংশোধিত ভোটার কার্ড
  • ১৬ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, বিষ্ণুপুর: কিছুদিনের মধ্যেই বিষ্ণুপুরের চারটি বিধানসভা কেন্দ্রে নতুন ও সংশোধিত প্রায় ১২হাজার ভোটার কার্ড নাগরিকদের বাড়িতে পৌঁছে দেওয়া হবে। প্রশাসন সূত্রের খবর, নতুন ও সংশোধিত ভোটার কার্ড তৈরি হয়ে গিয়েছে। কলকাতা থেকে তা বিষ্ণুপুরে চলেও এসেছে। এরপর তা প্যাকেটবন্দি করে পোস্ট অফিসের মাধ্যমে ভোটারদের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে।
Advertisement
নির্বাচন কমিশনের এক আধিকারিক বলেন, এত সংখ্যক ভোটার কার্ড প্যাকেটবন্দি করা ও তাতে নামঠিকানা লেখার জন্য প্রচুর কর্মীর প্রয়োজন। সেজন্য বিভিন্ন ব্লক থেকে কর্মীদের নির্দিষ্ট দিনে বিষ্ণুপুরে আসতে বলা হয়েছে। তাঁরা নিজ নিজ এলাকার ভোটার কার্ড বাছাই করে, খামে ভরে নামঠিকানা লিখবেন। তারপর তা পোস্ট অফিসে পাঠানো হবে। 
নির্বাচন কমিশন সূত্রে খবর, বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রে ১৬৭৪টি, কোতুলপুরে ৩৫২২টি, ইন্দাসে ৩৫০২টি ও সোনামুখীতে ৩০৯৯টি নতুন ও সংশোধিত কার্ড রয়েছে। সবমিলিয়ে, ১১৭৯৭টি ভোটার কার্ড খুব তাড়াতাড়ি পোস্ট অফিসের মাধ্যমে বাড়ি বাড়ি পৌঁছে যাবে। তবে পোস্ট অফিসের মাধ্যমে কোনও ভোটার কার্ড নির্দিষ্ট ঠিকানায় পৌঁছনো সম্ভব না হলে তা বুথ লেভেল অফিসারের মাধ্যমে বাড়িতে পৌঁছে দেওয়া হবে।
ইন্দাসের বাসিন্দা শেখ জহুরুল বলেন, আমি বেশ কিছুদিন আগে ভোটার কার্ডে অনলাইনে নাম সংশোধন করিয়েছি। কিন্তু নতুন কার্ড এখনও হাতে পাইনি। কবে এবং কীভাবে পাব তা জানতে পারছিলাম না। বিডিও অফিসে খোঁজ নিলে তাঁরা যথাসময়ে কার্ড পৌঁছে দেওয়ার আশ্বাস দেন। আমি বাইরে কাজ করি। নামে ভুল থাকায় তা নিয়ে বিভিন্ন জায়গায় সমস্যা হচ্ছে। তাড়াতাড়ি সংশোধিত ভোটার কার্ড পেলে কর্মস্থলে ফিরে যেতে পারব।      
সম্পর্কিত সংবাদ