ইন্ডাস্ট্রিতে মহিলাদের বেতন বৈষম্যের বিষয়ে এর আগে সরব হয়েছেন একাধিক তারকা। এবার সেই তালিকায় জুড়ল অভিনেত্রী তাপসী পান্নুর নাম। বরুণ ধাওয়ানের সঙ্গে ‘জুড়ওয়া ২’, শাহরুখ খানের বিপরীতে ‘ডাঙ্কি’ ছবিতে তাঁর অভিনয় দেখেছেন দর্শক। তবে এই ছবিগুলিতে কাজ করে তিনি নাকি ‘বেশি’ টাকা পাননি। কেন? সেই বিষয়ও খোলসা করেছেন তিনি। বলেছেন, ‘ছবিতে যদি কোনও বড় মাপের হিরো থাকেন, তাহলে তিনি সবসময় নির্মাতাদের প্রশ্ন করেন, বিপরীতে কে আছেন। হিরো পরামর্শ দেন এমন কোনও নায়িকাকে কাস্ট করতে যিনি তাঁর উপর ছায়া ফেলতে পারবেন না।’ অভিনেত্রীর সংযোজন, ‘মানুষ ভাবে আমি হয়তো জুড়ওয়া ২, ডাঙ্কিতে অভিনয় করেছি টাকার জন্য। তবে বিষয়টি উল্টো। যে ছবিগুলিতে আমি মুখ্য চরিত্রে থাকি যেমন হাসিন দিলরুবা, সেগুলিতে আমি বেশি টাকা পাই। বরং বড় নায়কের ছবিতে অভিনয় করলে মনে হয়, তাঁরা আমাকে কাস্ট করে দয়া করেছেন।’



