নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: বাসন্তীর উত্তর চুনাখালি গ্রামে নাবালিকা খুনের ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করল পুলিস। ধৃতের নাম প্রতীক সর্দার। বৃহস্পতিবার তাঁকে আলিপুর আদালতে তোলা হলে বিচারক চারদিনের পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছেন। এই ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে হল তিন। জানা গিয়েছে, ঘটনার দিন প্রতীক বাকি দুই ধৃতের সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। এর আগে বুদ্ধদেব সর্দার এবং দীপেন কয়াল নামে দুই মূল অভিযুক্ত ধরা পড়েছেন। এই অপরাধে আর কারা কারা ছিলেন, এই নিয়ে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীরা প্রতীকের নাম জানতে পারেন। তাঁকে বুধবার রাতে গ্রেপ্তার করা হয়। ওই যুবক বুদ্ধদেব ও দীপেনের বন্ধু বলে পরিচিত। তিনি নাবালিকা খুনের সময় এবং দেহ পুঁতে দেওয়ার কাজে সহযোগিতা করেছিলেন বলে তদন্তে উঠে এসেছে।



