প্রয়াগরাজ: পূর্ণকুম্ভে পদপিষ্টের ঘটনায় পরেই নড়েচড়ে বসল উত্তরপ্রদেশের যোগী সরকার। নিরাপত্তা ব্যবস্থা বৃদ্ধির পাশাপাশি ভিআইপিদের যাতায়াতে জারি করা হয়েছে একাধিক নতুন নিয়ম। মেলা প্রাঙ্গণে গাড়ি প্রবেশে কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বাতিল করা হয়েছে ভিআইপি পাস। বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শন করেন উত্তরপ্রদেশের ডিজিপি প্রশান্ত কুমার ও মুখ্যসচিব মনোজ কুমার সিং। আগামী ২ ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমী। সেই উপলক্ষ্যে সঙ্গমে তৃতীয় অমৃত স্নানে অংশ নেবেন কয়েক কোটি পুণ্যার্থী। এবার কোনওরকম ঝুঁকি নিতে নারাজ প্রশাসন। ডিআইজি বৈভব কুমার বলেন, ‘এখন ভিড় অনেকটই কম। তাই প্রত্যেকটি সেতু খুলে দেওয়া হয়েছে। ২৯ জানুয়ারি ভিআইপিদের যাতায়াতে নিষেধাজ্ঞা ছিল। ২-৩ ফেব্রুয়ারিও সেই নিয়ম বহাল থাকবে। ভিড় সামলাতে বাড়তি ব্যবস্থা করা হয়েছে।’



