নিজস্ব প্রতিনিধি, কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনা: ভাঙড়ের বাসন্তী হাইওয়ের এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় শিশু-সহ ১০ জন গুরুতর আহত হয়েছেন। চন্দনেশ্বর থানা এলাকার বৈরামপুর মোড়ে দুর্ঘটনাটি ঘটে। পুলিস সূত্রে খবর, শাকসার মেলা থেকে রাজারহাট যাওয়ার পথে একটি অটোর সঙ্গে একটি প্রাইভেট চার চাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়।
Advertisement
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হাইওয়ের উপরে প্রাইভেট গাড়িটির সামনের চাকা ফেটে যায়। তার জেরে চালক নিয়ন্ত্রণ হারান। এরপরেই উল্টোদিকের অটোটিকে সজোরে ধাক্কা দেয় সেটি। ঘটনায় অটোর ১০ জন যাত্রীই জখম হন। তাদের মধ্যে রয়েছে দু’জন শিশুও। সংঘর্ষের ফলে অটোটি দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ভাঙড় ট্রাফিক গার্ডের পুলিস। আহতদের উদ্ধার করে নলমুড়ি হাসপাতালে পাঠানো হয়। হাসপাতাল সূত্রে খবর, আহত পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। সেজন্য তাদের পিজি হাসপাতালে পাঠানো হয়।



