Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বাসিন্দাদের চাপ, গ্রামেও এবার আম্রুত প্রকল্পের জল

বাসিন্দাদের চাপ, গ্রামেও এবার আম্রুত প্রকল্পের জল
  • ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: বাসিন্দাদের লাগাতার চাপের জেরে গ্রামেও আম্রুত প্রকল্পের জল দেওয়ার সিদ্ধান্ত নিল জলপাইগুড়ি পুরসভা। এ ব্যাপারে রাজ্যের অনুমোদন মিলেছে। ফলে জলপাইগুড়ি পুরসভার জল প্রকল্প নিয়ে জট কাটল। জলপাইগুড়ি শহর লাগোয়া খড়িয়া পঞ্চায়েতের একাংশের বাসিন্দার বাধায় এতদিন মূল পাম্প হাউসের সঙ্গে পাইপ লাইন সংযোগের কাজ করা যাচ্ছিল না। ফলে চালু করা যাচ্ছিল না ট্রায়াল রান। বিশেষ করে খড়িয়া পঞ্চায়েতের বিবেকানন্দপল্লি, সুকান্তনগর এলাকার বাসিন্দাদের বক্তব্য ছিল, আম্রুতের জল তাঁদেরও দিতে হবে। নতুবা তাঁদের এলাকার উপর দিয়ে পাইপ লাইন নিয়ে যেতে দেওয়া হবে না। এনিয়ে বেশ কয়েকবার তাঁরা পুরসভার জল প্রকল্পের কাজ বন্ধও করে দেন। সেই সমস্যার সমাধান হওয়ায় এবার শীঘ্রই বাড়ি বাড়ি জল সরবরাহের ট্রায়াল রান শুরু করে দেওয়া যাবে বলে আশাবাদী জলপাইগুড়ি পুর কর্তৃপক্ষ। 
Advertisement
মঙ্গলবার জেলাশাসকের সঙ্গে বৈঠকেও বিষয়টি নিয়ে আলোচনা হয়। ওই বৈঠক শেষে জলপাইগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় বলেন, আড়াইশো মিটার পাইপ লাইনের কাজ বাকি থাকায় জল প্রকল্পের কাজ কিছুটা বাধাপ্রাপ্ত হচ্ছিল। রাজ্য থেকে অনুমোদন মিলেছে। খড়িয়া গ্রাম পঞ্চায়েতের বিবেকানন্দপল্লি ও সুকান্তনগর এলাকায় আমরা জল দেব। এজন্য সাড়ে চার কিমি বাড়তি পাইপ লাইন বসাতে হবে। তার ওয়ার্ক অর্ডার দেওয়া হচ্ছে। মার্চেই আমরা বাড়ি বাড়ি জল সরবরাহের ট্রায়াল রান শুরু করে দেব। 
তিস্তা নদী থেকে জল তুলে পরিস্রুত করে তা শহরের বাসিন্দাদের দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এজন্য আম্রুত প্রকল্পের কাজ চলছে দীর্ঘদিন ধরে। দু’টি পর্যায়ে কাজ হচ্ছে। প্রথম পর্যায়ের কাজ শেষ হয়েছে আগেই। দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হয় ২০২০ সালে। মোট ১৪৫ কোটি টাকার প্রকল্প। প্রথম পর্যায়ে ৭৫ কোটি এবং দ্বিতীয় পর্যায়ে ৭০ কোটি টাকার কাজের টেন্ডার হয়। তিস্তা থেকে জল তুলে পরিস্রুত করার পর শহরের ২৫টি ওয়ার্ডে বাড়ি বাড়ি পৌঁছে দিতে মোট ২১৬ কিমি পাইপ লাইন বসানো হচ্ছে। এজন্য শহরের বিভিন্ন ওয়ার্ডে ওভাহেড রিজার্ভার তৈরি করা হয়েছে। দিনে মাথাপিছু ১৩৫ লিটার জল দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। 
এদিকে, শেষপর্যন্ত তাঁদের পরিস্রুত পানীয় জলের দাবি মেটায় খুশি বিবেকানন্দপল্লি ও সুকান্তনগরের বাসিন্দারা। বিবেকানন্দপল্লির পঞ্চায়েত সদস্য বিজেপির জয়া সরকার বিশ্বাস বলেন, পানীয় জলের দাবিতে আমার এলাকার মানুষ দীর্ঘদিন ধরে আবেদন জানিয়ে আসছেন। যদি পুরসভা আমাদের এলাকায় জল দেওয়ার সিদ্ধান্ত নেয়, খুবই ভালো।
Advertisement
সম্পর্কিত সংবাদ