সংবাদদাতা, তারকেশ্বর: তারকেশ্বরের বালিগড়ি ১ নম্বর পঞ্চায়েতের অন্তর্গত বড়দিঘির পাড় এলাকার বাসিন্দা সঞ্জয় হেমব্রম। বছর ছাব্বিশের এই যুবকের দু’ পা অচল। বাবা, মা কেউই নেই। কয়েকজন মানুষের সহায়তায় কোনওক্রমে জীবনযাপন করেন তিনি। তাঁর রেশন কার্ড, প্রতিবন্ধী কার্ড, আধার কার্ড, প্যান কার্ড কিছুই নেই। সম্প্রতি তাঁকে নিয়ে ‘বর্তমান’-এ প্রতিবেদন প্রকাশ হতেই তৎপর হয়েছে প্রশাসন। হুগলি জেলা পুলিসের পক্ষ থেকে তারকেশ্বর থানার ওসি তন্ময় বাগ সহ পুলিস কর্মীরা যান ওই যুবকের বাড়িতে। পুলিসের পক্ষ থেকে বাড়িতে গিয়ে তাঁর হাতে মুদি সামগ্রী, ফল, কম্বল, বিছানার চাদর তুলে দেওয়া হয়। অসহায় ওই যুবকের প্রয়োজনীয় কাগজপত্র তৈরির জন্য বিডিও ও প্রধানের সঙ্গে আলোচনা করেন তাঁরা। পুলিসের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড অল্প সময়ের মধ্যেই তৈরি হয়ে যাবে। অন্যদিকে, পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে খাদ্যসামগ্রী প্রদান ও ভোটার কার্ড তৈরির প্রক্রিয়া শুরু করা হয়েছে বলে জানিয়েছেন পঞ্চায়েত সমিতির সহ সভাপতি প্রদীপ সিংহরায়।



