Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বনগাঁ সীমান্তে দু’দিনেই পাঁচ কোটি টাকার সোনা পাচার রুখল বিএসএফ

সোনা পাচার করতে নিত্যনতুন ফন্দি আঁটছে পাচারকারীরা। কখনও সাইকেলের টায়ারে, কখনও সাইকেলের সিটের নীচে লুকিয়ে চলছিল পাচারের চেষ্টা।

বনগাঁ সীমান্তে দু’দিনেই পাঁচ কোটি টাকার সোনা পাচার রুখল বিএসএফ
  • ২৭ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: সোনা পাচার করতে নিত্যনতুন ফন্দি আঁটছে পাচারকারীরা। কখনও সাইকেলের টায়ারে, কখনও সাইকেলের সিটের নীচে লুকিয়ে চলছিল পাচারের চেষ্টা। পরপর দু’দিন তা রুখল বিএসএফ। দু’দিনে উদ্ধার হয়েছে প্রায় পাঁচ কোটি টাকার সোনা। 

Advertisement

বুধবার বনগাঁ সীমান্তের ৫৯ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা একটি সাইকেল আটকে তল্লাশির সময় চম্পট দেয় পাচারকারী। পরে সাইকেলের টায়ার থেকে ২০টি সোনার বিস্কুট উদ্ধার করেছে বিএসএফ। উদ্ধার হওয়া সোনার প্রায় মূল্য ২ কোটি ৩১ লক্ষ ২২ হাজার টাকা। সেগুলি প্রথমে বাগদার রণঘাট সীমান্ত ফাঁড়িতে আনা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরে হস্তান্তর করেছে বিএসএফ। এর ২৪ ঘণ্টা আগেই অবশ্য ভারত-বাংলাদেশের লক্ষ্মীপুর সীমান্ত এলাকা থেকে দু’কোটি ৪৩ লক্ষ টাকার সোনা উদ্ধার করেছে বিএসএফ। সবমিলিয়ে দু’দিনে মোট চার কোটি ৭৪ লক্ষ টাকার সোনা উদ্ধার হল।
বিএসএফ সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালের দিকে দুই দেশের আন্তর্জাতিক সীমান্তের জিৎপুর বিওপির ৫৯ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা ডিউটিতে ছিলেন। সেই সময় সন্দেহভাজন এক ব্যক্তি সাইকেল নিয়ে সীমান্তের বেড়া পেরিয়ে ভারতীয় ভূখণ্ডের দিকে আসছিল। পাচারকারীর সাইকেলের টায়ারের ভিতর থেকে ২ কেজি ৩৬৭ গ্রাম ওজনের ২০টি সোনার বিস্কুট উদ্ধার করে জওয়ানরা। 
অন্যদিকে, মঙ্গলবার সকালে বাংলাদেশ থেকে ভারতে সোনা পাচার রুখে দিয়েছে বিএসএফ। দুই দেশের আন্তর্জাতিক সীমান্তের পেট্রাপোল সংলগ্ন লক্ষ্মীপুর থেকে ২ কোটি ৪২ লক্ষ টাকার সোনা উদ্ধার করেছে ৬৭ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা। ধৃতের কাছ থেকে একটি সোনার বার, ১৬টি সোনার বিস্কুট উদ্ধার করা হয়েছে। বাজেয়াপ্ত সোনার ওজন ২ কেজি ৪৫১ গ্রাম। গোয়েন্দা তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক সীমান্তের লক্ষ্মীপুর বিওপির জওয়ানরা অভিযান শুরু করে। 
তখন লক্ষ্মীপুর গ্রাম থেকে একটি সন্দেহজনক মোটরবাইক আরোহীকে আটকায় জওয়ানরা। তল্লাশি চালিয়ে বাইকের সিট কভারের নীচে প্লাস্টিকের টেপে মোড়ানো দু’টি প্যাকেট থেকে একটি সোনার বার ও ১৬টি সোনার বিস্কুট উদ্ধার হয়। চোরাচালানকারীকে আটক করে আরও জিজ্ঞাসাবাদের জন্য লক্ষ্মীপুর সীমান্ত ফাঁড়িতে আনা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জওয়ানরা জানতে পারে, পাচারকারী লক্ষ্মীপুর গ্রামের এক ব্যক্তির কাছ থেকে সোনা পেয়েছিল। সোনা বাগদার বয়রা গ্রাম হয়ে বনগাঁ বাসস্ট্যান্ডে এক ব্যক্তির কাছে পৌঁছে দেওয়ার জন্য যাচ্ছিল। বাহক হিসেবে সে এক হাজার টাকা কমিশন পেত। উদ্ধার করা সোনা  সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। এই প্রসঙ্গে বিএসএফ দক্ষিণবঙ্গ সীমান্তের জনসংযোগ আধিকারিক জানান, সোনা পাচার প্রতিরোধে জওয়ানরা প্রশংসনীয় ভূমিকা নিচ্ছেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ