নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: দিনেরবেলা বাড়িতে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তুতো কাকাকে খুনের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। পুলিস জানিয়েছে, মৃতের নাম অভিজিৎ ছড়ি(৪০)। খানাকুলের অরুণ্ডা পঞ্চায়েতের ধারাশিমুল গ্রামে শনিবার দুপুরের ওই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। পুলিস অভিযুক্ত ভাইপো বিকাশ ছড়িকে গ্রেপ্তার করেছে। প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান, পুরনো বিবাদের জেরেই খুনের ঘটনা ঘটেছে। পুলিস অভিযুক্তকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে। অভিযোগ, শনিবার দুপুরে অভিজিৎবাবুর বাড়িতে ঢুকে তাঁকে হাঁসুয়া দিয়ে কোপায় বিকাশ। তাঁর বাঁ কাঁধ থেকে বুক পর্যন্ত কোপানো হয়। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।



