Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ব্রাউন সুগার পাচারের আগেই ধৃত মহিলা, কাফ সিরাফ সহ পুলিসের জালে আরও ১

ব্রাউন সুগার পাচারের আগেই ধৃত মহিলা, কাফ সিরাফ সহ পুলিসের জালে আরও ১
  • ৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কালিয়াচক: পাচারের আগেই মাদক উদ্ধার করল কালিয়াচক থানা। বিপুল পরিমাণ ব্রাউন সুগার সহ গ্রেপ্তার করা হয়েছে এক মহিলাকে। পুলিস জানিয়েছে, ধৃতার নাম সারিফা খাতুন। সে মালদহ থানা এলাকার মুচিয়া মহাদেবপুরের বাসিন্দা।
Advertisement
মঙ্গলবার গোপন সূত্রে খবর পেয়ে কালিয়াচক থানা এলাকার বালিয়াডাঙা মোড়ে হানা দেয় সাদা পোশাকের পুলিসের একটি দল। এমন সময় ওই মহিলা টোটোয় চেপে আসে। সেই সময় তাকে আটক করে পুলিস। তার কাছে থাকা ব্যাগের তল্লাশি নিতেই উদ্ধার হয় ৩২৮ গ্রাম ব্রাউন সুগার। পুলিস জানিয়েছে, যার আনুমানিক বাজার মূল্য ত্রিশ লক্ষ টাকা। এরপরই পুলিস ওই মহিলাকে গ্রেপ্তার করে কালিয়াচক থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে একটি স্বতপ্রণোদিত মামলা রুজু করেছে পুলিস।
বুধবার ভোরে ১৪৪ বোতল কাফ সিরাপ সহ কালিয়াচকের ঘরিয়ালিচকের এক বাসিন্দাকে গ্রেপ্তার করে কালিয়াচক থানার পুলিস। ধৃত যুবকের নাম ওয়াসিম আক্রাম। গোপন সূত্রে খবর পেয়ে যদুপুর পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় হানা দিয়ে যুবককে আটক করে পুলিস। উদ্ধার হওয়া ওই কাফ সিরাপের বাজার মূল্য প্রায় ১৫ হাজার টাকা।  
পুলিস জানিয়েছে, ধৃতদের বিরুদ্ধে দু’টি স্বতপ্রণোদিত মামলা রুজু করা হয়েছে। বুধবার ধৃতদের মালদহ জেলা আদালতে পেশ করা হলে বিচারক ৭ দিনের পুলিস হেফাজতের নির্দেশ দেন। 
স্থানীয় সূত্রে খবর, বালিয়াডাঙা থেকে এর আগেও পুলিস বেশ কিছু মাদক পাচারকারী, জালনোট ও অস্ত্র কারবারীদের গ্রেপ্তার করেছে। কয়েকদিন আগেও পুলিস বৈষ্ণবনগর থেকে ৪০লক্ষ টাকার মাদক সহ একজনকে গ্রেপ্তার করে। গত বছর পুলিস সাহাবাজপুরের বামনটোলায় অভিযান চালিয়ে প্রায় আট কোটির মাদক সহ ৩২লক্ষ‌ টাকা উদ্ধার করে। কিন্তু এত পরিমাণ মাদক কোথা থেকে আসছে, তা নিয়েও প্রশ্ন উঠছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ