নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী সোমবার থেকে শুরু হচ্ছে বিধানসভার অধিবেশন। এবারের অধিবেশন পর্বে যাদবপুরে মন্ত্রীর উপর আক্রমণের ঘটনার বিষয়টি উঠে আসতে পারে বলেই খবর। তার জেরে তপ্ত হতে পারে অধিবেশন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গিয়ে একদল পড়ুয়ার হাতে আক্রমণের মুখে পড়েন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তাঁর গাড়ি ভাঙচুর করা হয়েছে। এছাড়া বেশ কয়েকজন অধ্যাপকের উপরও হামলা হয়েছে বলে অভিযোগ। যাদবপুরের ওই ঘটনা নিয়ে গত কয়েকদিন ধরে সরগরম রাজ্য-রাজনীতি। শিক্ষামন্ত্রীর উপর বর্বরোচিত হামলার ঘটনার প্রতিবাদে ধিক্কার জানিয়েছে শিক্ষামহল। গোটা বিষয়টি আসন্ন বিধানসভার অধিবেশনে উঠে আসতে পারে বলেই জানা গিয়েছে। তাছাড়া তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হয়েছে, ভুল ছবি আর মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত তৈরি করছে সিপিএম। অন্যদিকে, আসন্ন বিধানসভার অধিবেশনে বিভিন্ন দপ্তরের বাজেট ও একাধিক বিল নিয়ে আলোচনা হবে।



