Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বারাসত মেডিক্যালে হবে ট্রমা কেয়ার ইউনিট, সিদ্ধান্ত বৈঠকে

বারাসত মেডিক্যালে হবে ট্রমা কেয়ার ইউনিট, সিদ্ধান্ত বৈঠকে
  • ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বারাসত: মেডিক্যাল কলেজ হয়েছে বারাসত হাসপাতালে। বেড়েছে রোগীর সংখ্যাও। এবার দুর্ঘটনাগ্রস্থ, সঙ্কটজনক রোগীদের চিকিৎসার জন্য ট্রমা কেয়ার সেন্টার তৈরি হতে চলেছে। বারাসত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের সঙ্গেই ট্রমা কেয়ার সেন্টার চালু করা হবে। সোমবার বারাসতের সাংসদ ডাঃ কাকলি ঘোষদস্তিদারের উপস্থিতিতে রোগী কল্যাণ সমিতির বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। এছাড়া হাসপাতাল চত্বরের অনুমোদনহীন স্টল সরানো, পিপিপি মডেলে ক্যাথল্যাব চালুর সিদ্ধান্ত হয়েছে। বারাসত হাসপাতাল এখন মেডিক্যাল কলেজ হয়েছে। চিকিৎসা পরিষেবার প্রভূত উন্নতি ঘটেছে। এখানে ৫০ বেডের ক্রিটিকাল কেয়ার ইউনিটের কাজও প্রায় শেষের দিকে। সোমবার ছিল রোগী কল্যাণ সমিতির বৈঠক। সেখানে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের সঙ্গেই ট্রমা কেয়ার সেন্টার করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেন্টারটি আপাতত পাঁচ বেডের করা হবে। এছাড়া বারাসত মেডিক্যাল কলেজের চারপাশের বাউন্ডারি দেওয়াল ভগ্নপ্রায় অবস্থাতে। দেওয়ালের সেই ভাঙা অংশ সংস্কারের সিদ্ধান্ত হয়েছে। এছাড়া হাসপাতালে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে দোকান। হাসপাতালে আসা রোগী ও পরিজনদের স্বার্থে অনুমোদনহীন স্টল সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে পিপিপি মডেলে হৃদরোগে আক্রান্তদের চিকিৎসার জন্য ক্যাথল্যাব চালু হবে বলেও আলোচনা হয়েছে।
Advertisement
এই প্রসঙ্গে বারাসতের চিকিৎসক সাংসদ তথা রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কাকলি ঘোষদস্তিদার বলেন, দুর্ঘটনায় গুরুতর জখমদের চিকিৎসার জন্য আমি চেয়েছিলাম ৩ নম্বর ওয়ার্ডে ট্রমা কেয়ার সেন্টার করার। তাই প্রস্তাব হয়েছে। একটা সময় এটা হাসপাতাল ছিল, কিন্তু এখন মেডিক্যাল কলেজ হয়েছে। তাই, মানুষের স্বার্থেই রোগী কল্যাণ সমিতির বৈঠকে বিভিন্ন সিদ্ধান্ত হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ