নয়াদিল্লি: ‘চোলি কে পিছে কেয়া হ্যায়...’। বিয়েবাড়িতে বাজছিল হিন্দি সিনেমার জনপ্রিয় গান। গানের ছন্দে নাচছিলেন হবু বর। আর সেটাই কাল হল। হবু জামাইকে কোমর দোলাতে দেখে বিয়েই ভেঙে দিলেন কনের বাবা। হাজার অনুরোধ উপরোধেও কাজ হয়নি। বিয়ের অনুষ্ঠানে উপস্থিত আত্মীয়স্বজন ও অতিথিরা রীতিমতো হতভম্ব হয়ে যান। রাজধানী দিল্লিতে এই ঘটনা ঘটেছে। ১৯৯৩ সালে মুক্তিপ্রাপ্ত সঞ্জয় দত্ত অভিনীত ‘খলনায়ক’ সিনেমায় অলকা ইয়াগনিকের কণ্ঠে ‘চোলি কে পিছে ক্যায়া হ্যায়’ গানটি অত্যন্ত জনপ্রিয় হয়। তিন দশক পরেও এই গানের জনপ্রিয়তা কমেনি। দিল্লির ওই বিয়েবাড়িতেও ওই গান বাজছিল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিয়ের আসরে পৌঁছে বন্ধুবান্ধবদের অনুরোধে ওই গানের তালে নাচতে শুরু করেন বর। বিষয়টি মোটেই ভালোভাবে নিতে পারেননি কনের বাবা। তাঁর যুক্তি, হবু জামাইয়ের আচরণ অত্যন্ত অসম্মানজনক। সোশ্যাল মিডিয়ায় এই ঘটনায় নানা প্রতিক্রিয়া সামনে এসেছে। তাঁদের মধ্যে একজন লিখেছেন, ‘এটা অ্যারেঞ্জড ম্যারেজ ছিল না। ঠিক যেন এলিমিনেশন রাউন্ড।’



