নিজস্ব প্রতিনিধি, বারাসত: স্ত্রী থাকেন অন্যত্র। দাম্পত্য কলহের কারণে বছর দেড়েক ধরেই তাঁরা আলাদা থাকেন। এই সুযোগে শ্যালিকাকে ফুঁসলিয়ে দিনের পর দিন ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হল জামাইবাবু। ঘটনাটি অশোকনগর থানা এলাকার। পুলিস জানিয়েছে, ধৃতের নাম তুষার ব্যাপারী (২৫)। পুলিস সূত্রে জানা গিয়েছে, শ্যালিকার বয়স ১৫ বছর। ধৃতের শাশুড়ি গত নভেম্বর মাসে অশোকনগর থানায় এসে অভিযোগ জানিয়ে বলেন, ছোট মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তদন্তে নেমে গত মে মাসে তাকে উদ্ধার করে পুলিস। তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিস জেনেছে, জামাইবাবু তুষার তাকে ফুঁসলিয়ে প্রথমে দীঘায় বেড়াতে নিয়ে যায়। এরপর হাবড়ায় একটি বাড়ি ভাড়া নিয়ে তারা থাকছিল। সেই সময় তাকে লাগাতার ধর্ষণ করা হয়। পুলিস অভিযুক্তের খোঁজ শুরু করলে গা ঢাকা দেয় তুষার। রবিবার সকালে তাকে মানিকতলা ভ্যানস্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করে অশোকনগর থানার পুলিস। ধৃতকে এদিনই বারাসত আদালতে পেশ করা হলে ছ’দিনের পুলিস হেফাজতের নির্দেশ দেন বিচারক। ধৃতের মা বলেন, আমার ছেলেকে ফাঁসানো হয়েছে।



