Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

গঙ্গাসাগরে ভাঙা কাঠের সেতু, ঝুঁকি নিয়ে চলছে নিত্য যাতায়াত

গঙ্গাসাগরে ভাঙা কাঠের সেতু, ঝুঁকি নিয়ে চলছে নিত্য যাতায়াত
  • ৩১ মার্চ, ২০২৫ ০৪:০২
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: দুটি পঞ্চায়েতের যোগসূত্র হিসেবে কাজ করে সেতুটি। কয়েকশো পরিবারের যাতায়াতের অন্যতম মাধ্যমও। কিন্তু সেটি এখন খুবই বেহাল অবস্থায়। অভিযোগ, ওই দুই পঞ্চায়েতের টালবাহানায় দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে কাঠের সেতুটি। ফলে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত পারাপার করতে হয় এলাকাবাসীদের। যে কোনও সময়ে কাঠের সেতু ভেঙে বড়সড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। বারবার প্রশাসনকে মেরামতের কথা বলেও কোনও সুরাহা হয়নি।

Advertisement

জানা গিয়েছে, গঙ্গাসাগরের মুড়িগঙ্গা এক ও দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের সংযোগকারী ওই সেতুর উপর এখন কয়েকটি বাঁশ ও কাঠের টুকরো রয়েছে। বেশিরভাগ অংশ ফাঁকা। তার উপর দিয়ে কোনওমতে যাওয়া-আসা করেন এলাকার বাসিন্দারা। তাঁদের দাবি, কাঠের সেতুটি সংস্কার করার জন্য বারবার মুড়িগঙ্গা এক ও দু’নম্বর পঞ্চায়েতের কাছে যাওয়া হয়েছিল। কিন্তু ওই সেতুটি তাদের এলাকায় পড়ে না বলে প্রতিবারই দায় এড়িয়েছে তারা। পারাপার করতে একটি বিকল্প রাস্তা অবশ্য আছে। কিন্তু সেটি দিয়ে যেতে অনেক সময় লেগে যায় বলে জানান গ্রামবাসীরা। তাই দ্রুত সেতুটি সংস্কারের দাবি জানিয়েছেন তাঁরা।
এলাকাবাসীদের সমস্যার কথা স্বীকার করে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী তথা সাগর বিধানসভার বিধায়ক বঙ্কিমচন্দ্র হাজরা বলেন, মুড়িগঙ্গা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধানের বাড়ির কাছে একটি কাঠের সেতু ভেঙে গিয়েছে। এর ফলে সমস্যার মধ্যে পড়েছেন সাধারণ মানুষ। দ্রুত সেতুটি মেরামত করার উদ্যোগ নেওয়া হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ