Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বার্নপুর শাস্ত্রিনগর সৃজনী ক্লাবের সরস্বতী পুজোর থিম জ্ঞান তোরণ

বার্নপুর শাস্ত্রিনগর সৃজনী ক্লাবের সরস্বতী পুজোর থিম জ্ঞান তোরণ
  • ৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, আসানসোল: বার্নপুর শাস্ত্রিনগরে সৃজনী ক্লাবের সরস্বতী পুজো এবার ৩৫তম বর্ষে পড়ল। বাগদেবীর আরাধনায় থিমের পুজো করে বেশ কয়েক বছর ধরেই চমক দিচ্ছে এই ক্লাব। এবার তাদের থিম ‘জ্ঞান তোরণ’। মণ্ডপে থাকবে পোড়ামাটির নানা কাজ। ক্লাব সদস্যদের দাবি, কাঁচামাটি পুড়িয়ে নানা শিল্প করা হয়। যা স্থায়ী হয়ে যায়। আমাদের জ্ঞানও তেমনই। বিভিন্ন অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমাদের জ্ঞানের বিকাশ হয়। বিদ্যার দেবীর কাছে আসতে হলে সেই জ্ঞান তোরণ পার করতেই হবে। এটাই আমাদের থিম। এবার ২৭ ফুটের মণ্ডপ গড়া হয়েছে। সেই সঙ্গে ঝলমলে আলোক সজ্জা মানুষের নজর কাড়ছে। 
Advertisement
ক্লাব সদস্যরা জানান, সৃজনী ক্লাব সারা বছরই নানা সামাজিক কাজে যুক্ত থাকে। বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করার পাশাপাশি দুঃস্থ মানুষদের পাশে দাঁড়ায়। এবার পুজোতেও সেই উদ্যোগ নিয়েছে তারা। রবিবার পুজোর উদ্বোধন করেন, আসানসোল পুরসভার ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, মেয়র পরিষদ সদস্য গুরুদাস চট্টোপাধ্যায়। 
আজ, সোমবার সকালে দেবীর পুজো হবে। প্রথমে ফল ভোগের পর মাকে পরমান্ন ভোগ দেওয়া হয়। রাতে সুজি, লুচি ও বোঁদে দিয়ে শীতল ভোগ দেওয়া হয়। ওই দিনই ৪০ জন মানুষকে কম্বল বিতরণ করা হবে। বিশেষ চাহিদা সম্পন্ন ১৮ শিশুকে সাহায্য করা হবে। মঙ্গলবার দধিকর্মা। রাতে পোলাও ও আলুরদম ভোগ বিতরণ করা হবে। সেই সঙ্গে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। বুধবার দুপুরে প্রতিমা নিরঞ্জন। যাকে কেন্দ্র করে পাড়ার মেয়েরা সিঁদুর খেলায় মেতে ওঠে। বাজনা সহকারে প্রতিমা বিসর্জন করা হবে। এবারই প্রথম থিমের চমক নয়, প্রতিবারই অভিনব থিম করে নজরকাড়ে ক্লাবটি। 
গত বছর তাদের থিম ছিল পদ্মাসনা। বিশাল পদ্মের উপর বসেছিলেন সরস্বতী। পদ্মফুলের আদলে ছিল প্যান্ডেল। ২০২৩ সালে তাদের থিম ছিল ‘রঙ মালঞ্চে যামিনী’। যেখানে যামিনী রায়ের নানা সৃষ্টিকে মণ্ডপে ফুটিয়ে তুলে শিল্পীকে শ্রদ্ধা জানিয়েছিল ক্লাব সদস্যরা। 
Advertisement
সম্পর্কিত সংবাদ