নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: রাঢ় বাংলার প্রত্যন্ত গ্রাম বালিজুড়ি, যার ধুলোয় মিশে আছে হাজারো স্মৃতি। গ্রামীণ জীবনের সরল সম্পর্ক, মেঠো পথঘাট, গ্রামের মন্দির। যাত্রাপালা, নাটক, ভাদুপুজোর সঙ্গে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোও। সেই বালিজুড়ি গ্রামের স্মৃতি নিয়েই আন্তর্জাতিক কলকাতা বইমেলায় প্রকাশিত হল বীরেন্দ্রকুমার বন্দ্যোপাধ্যায়ের গ্রন্থ ‘পায়ে পায়ে পাঁচালি-রাঢ় বাংলার একটি গ্রামের আত্মকথা’। শুক্রবার বইমেলার প্রেস কর্নারে এই গ্রন্থটি প্রকাশ করা হয়। স্বাগত ভাষণে বইয়ের সামগ্রিক বিষয় তুলে ধরেন বীরেন্দ্রবাবুর পুত্র প্রাক্তন মুখ্যসচিব তথা মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়।
Advertisement
উপস্থিত ছিলেন সাহিত্যিক ভগীরথ মিশ্র, অমর মিত্র, বিনতা রায় চৌধুরী, প্রচেত গুপ্ত, কবি সুবোধ সরকার, পাবলিসার্স ও বুক সেলার্স গিল্ডের সাধারণ সম্পাদক সুধাংশু শেখর দে সহ অনেকেই। বালিজুড়ি গ্রাম থেকেও এসেছিলেন প্রচুর মানুষ। এসেছিলেন বহু গুণীজনও। দীপ প্রকাশন থেকে গ্রন্থটি প্রকাশিত হয়েছে। গ্রন্থের ভূমিকা লিখেছেন অমরবাবু। তিনি বলেন, এই গ্রন্থটি শুধুমাত্র ব্যক্তিগত বা গ্রামের আত্মকথা নয়, এতে গোটা রাঢ় বাংলার আত্মকথাই প্রতিফলিত হয়েছে। এদিনই পারুল বই প্রকাশনী ‘শতবর্ষে নীরেন্দ্রনাথ চক্রবর্তী’ গ্রন্থটি প্রকাশিত হয়েছে। সম্পাদনা করেছেন আলাপন বন্দ্যোপাধ্যায় ও সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়। তাঁরা পারুল বইয়ের স্টলেও হাজির হয়েছিলেন। তাঁদের স্বাক্ষর সহ বই কিনতে লম্বা লাইন পড়ে গিয়েছিল।-নিজস্ব চিত্র



