Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বিরলতম দৃশ্য আসন্ন, মহাকাশে গ্রহের   মিছিলে যোগ দেবে বুধ, থাকবে চাঁদও!

বিরলতম দৃশ্য আসন্ন, মহাকাশে গ্রহের   মিছিলে যোগ দেবে বুধ, থাকবে চাঁদও!
  • ৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আকাশ পথে সারিবদ্ধভাবে গ্রহের মিছিল চলছেই। এবার তাতে যোগ দিচ্ছে পৃথিবীর উপগ্রহ চাঁদ। এমনকী ২৮ ফেব্রুয়ারি তাতে যোগ দেবে বুধ—ওই একদিনের জন্যই! বুধের যোগদানকেই বিশেষজ্ঞরা বিরলতম ঘটনা বলে অভিহিত করছেন। এমন ব্যাপার ২০৪০ সালের আগে আর দেখা যাবে না। সৌরজগতে সূর্যের চারপাশে প্রদক্ষিণের সময় বছরের কোনও একসময় একই বক্ররেখায় অবস্থান করে গ্রহগুলি। তখনই তৈরি হয় এই মাহেন্দ্রক্ষণ। 
Advertisement
আজ, বুধবার থেকে শুক্রবার পর্যন্ত বালিগঞ্জের বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিকাল মিউজিয়ামে (বিআইটিএম) শক্তিশালী টেলিস্কোপ দিয়ে দেখা যাবে চাঁদের এই অপরূপ দৃশ্য। বিআইটিএমের টেকনিক্যাল অফিসার তরুণ দাস বলছিলেন, ‘সপ্তমী-অষ্টমী-নবমী, এই তিনদিন অপরূপ দেখাবে চাঁদকে। সেই দৃশ্য টেলিস্কোপে চোখ রাখলেই দেখা যাবে।’ গত কয়েকদিন ধরে মঙ্গল, বৃহস্পতি, শুক্র, শনি, ইউরেনাস ও নেপচুন একই বক্ররেখায় অবস্থান করছিল। ইউরেনাস, নেপচুন দেখতে বেগ পেতে হচ্ছিল ঠিকই কিন্তু বাকি গ্রহগুলি টেলিস্কোপের মাধ্যমে স্পষ্ট দেখা যাচ্ছিল। এবার সেখানে যোগ দিতে চলেছে চাঁদ। 
তরুণবাবু বলছিলেন, ‘২৮ ফেব্রুয়ারি একদিনের জন্য বুধ এসে যোগ দেবে ওই বক্ররেখায়, যেটা বিরলতম ঘটনা। আবার হয়তো সেই ২০৪০ সালে দেখা যাবে। কোপারনিকাস যে গ্রহ দেখতে ২০ বছর কাটিয়ে দিয়েছিলেন, সেই বুধকে চাক্ষুষ করা যাবে।’ কিন্তু কলকাতা শহরের আকাশে দূষণ-আলোর জন্য তা কতটা সম্ভব হবে, সেই নিয়ে রয়েছে প্রশ্নচিহ্ন।
কিন্তু কীভাবে এই গ্রহগুলি একই বক্ররেখায় চলে আসে? ‘সূর্যের চারদিকে গ্রহগুলি নিজস্ব গতিপথে ঘুরছে। একটা নির্দিষ্ট সময় তারা সূর্যের একপাশে আসে। এই ঘটনাটা সত্যিই বিরলতম। কারণ কে যে কোন সময় কোথায় রয়েছে, তা বলা যায় না’, বলছিলেন তরুণবাবু। বিআইটিএমে এই তিনদিন ধরে নানা ধরনের সায়েন্স শো’য়ের সঙ্গে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চের পদার্থ বিজ্ঞানের অধ্যাপক আনন্দ দাশগুপ্ত বক্তব্য রাখবেন।  
Advertisement
সম্পর্কিত সংবাদ