সাও পাওলো: গনগনে বিতর্ক ব্রাজিল ফুটবলের পিছু ছাড়ছে না। ঘরোয়া লিগে পামেইরাস বনাম করিন্থিয়ান্স ম্যাচ চলাকালীন গ্যালারি থেকে ছোড়া হল শূকরের মাথা। তা নিয়ে তৈরি হয় তীব্র চাঞ্চল্য। ওই সময় কর্নার কিক নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন পামেইরাস ফুটবলার আলবার্তো। আতঙ্কে সাইডলাইন থেকে দৌড়ে মাঠের ভিতর চলে আসেন তিনি। সাময়িকভাবে স্থগিত হয়ে যায় ম্যাচ। পরে আলবার্তো জানান, ‘চোখের সামনে গ্যালারি থেকে কিছু একটা উড়ে আসতে দেখলাম। প্রথমে ভেবেছিলাম, শট মেরে তা মাঠের বাইরে পাঠিয়ে দেব। বাকিটা আর বর্ণনা করতে চাই না।’
Advertisement
ম্যাচে পামেইরাস ২-০ গোলে হারলেও তা নিয়ে কোনও চর্চা নেই। বরং এই ঘটনা নিয়েই উত্তাল ফুটবল মহল। ইতিমধ্যেই দুই সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। কী ভাবে শূকরের মাথা নিয়ে গ্যালারিতে পৌঁছলেন তাঁরা? নিরাপত্তা নিয়েও উঠছে প্রশ্ন। জানা গিয়েছে, ম্যাচের কয়েক ঘণ্টা আগেই নিরাপত্তারক্ষীদের নজর টপকে গ্যালারিতে লুকিয়ে পড়েন দুই সমর্থক। এরপর ম্যাচের ৩৯ মিনিটে মাঠে ছুড়ে দেন শূকরের মাথা। এমনিতেই স্পট ফিক্সিংয়ের অভিযোগে ব্রাজিলের ঘরোয়া ফুটবলে জোর চাঞ্চল্য। তার উপর এমন কেলেঙ্কারিতে ঢি ঢি পড়ে গিয়েছে।



