Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

আজ দু’দিনের ভারত সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার, বৈঠক করবেন মোদির সঙ্গে

আজ বুধবার, দু’দিনের ভারত সফরে আসছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার। সঙ্গে থাকবে প্রায় ২০০ সদস্যের প্রতিনিধি দল।

আজ দু’দিনের ভারত সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার, বৈঠক করবেন মোদির সঙ্গে
  • ৮ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

রূপাঞ্জনা দত্ত, লন্ডন: আজ বুধবার, দু’দিনের ভারত সফরে আসছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার। সঙ্গে থাকবে প্রায় ২০০ সদস্যের প্রতিনিধি দল। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে মুম্বইয়ে ষষ্ঠ গ্লোবাল ফিনটেক ফেস্টে মূল বক্তা হিসেবে অংশগ্রহণ করবেন তিনি। গত জুলাইয়ে ভারত-ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়। ওয়াকিবহাল মহলের মতে, এই আবহে স্টারমারের প্রথম ভারত সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। 

Advertisement

সোমবার লন্ডনে প্রতিনিধি দলের কয়েকজন সদস্যের সঙ্গে দেখা করেন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিং। সঙ্গে ছিলেন বহু এমপি ও বিধানসভার আধিকারিকরা। এই উপলক্ষ্যে সোমবার ইন্ডিয়া হাউসে নৈশভোজের আয়োজন করেন অন্তবর্তী হাই কমিশনার কার্তিক পান্ডে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লর্ড করণ বিলিমোরিয়া, লর্ড জিতেশ গাধিয়া, লর্ড কৃষ রাভাল প্রমুখ। স্টারমারের প্রতিনিধি দলের অন্যতম সদস্য লর্ড বিলিমোরিয়া ও লর্ড গাধিয়া। ‘বর্তমান’কে দেওয়া সাক্ষাৎকারে স্টারমারের সফরের গুরুত্ব তুলে ধরেন বিলিমোরিয়া। তাঁর কথায়, ‘২০১৬ সালে শেষবার এরকম বড় প্রতিনিধি দল নিয়ে ভারতে গিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী থেরিসা মে। স্টারমারের এই প্রতিনিধি দলে বিভিন্ন ক্ষেত্রের মানুষ থাকছেন। তিনমাস আগেই বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে। তাই এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাণিজ্য, বিনিয়োগ বিভিন্ন ক্ষেত্রে উন্নতি নিয়ে আলোচনার সুযোগ মিলবে।’ অভিবাসী সমস্যা নিয়ে তিনি বলেন, ‘ব্রিটেনে বৈধ অভিবাসনের ক্ষেত্রে এক নম্বরে রয়েছে ভারত। আমরা চাই ভারত সহ বিভিন্ন দেশের কৃতী পড়ুয়ারা এখানে আসুক।’ 
বাণিজ্য চুক্তির পাশাপাশি ভারত-ব্রিটেন কমপ্রিহেনসিভ স্ট্যাটেজিক পার্টনারশিপের অগ্রগতি নিয়ে আলোচনা করবেন মোদি-স্টারমার। প্রযুক্তি, প্রতিরক্ষা সহ বিভিন্ন দ্বিপাক্ষিক ইস্যু নিয়েও কথা হবে। এই সফরে ঋণের ভারে ন্যুব্জ ব্রিটিশ টেলিকম সংস্থা ভোডাফোনের আর্থিক সমস্যার সমাধান হতে পারে। এখানেই শেষ নয়। সূত্রের খবর, ফিনটেক ফেস্টে আলোচনার পর ২০২৪ ব্রিটেন-ভারত টেকনলজি সিকিউরিটি ইনিশিয়েটিভস (টিএসআই) এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে বৈঠক করবেন দুই রাষ্ট্রনেতা। টেলিকম, কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে গুরুত্বপূর্ণ খনিজ। বিভিন্ন ক্ষেত্রে যৌথ অংশিদারিত্বের লক্ষ্যেই এই বিশেষ চুক্তি। ক্ষমতায় আসার পরে ভারতের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করার বার্তা দিয়েছিলেন স্টারমার। এই সফরে কি তারই ভিত তৈরি হবে? উত্তরের অপেক্ষায় আন্তর্জাতিক মহল।

Advertisement
সম্পর্কিত সংবাদ