Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বারুইপুরে ত্রিপুরানগর সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি হয়ে  পড়ে, চেয়ার-টেবিল না আসায় দেরি উদ্বোধনে

বারুইপুরে ত্রিপুরানগর সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি হয়ে  পড়ে, চেয়ার-টেবিল না আসায় দেরি উদ্বোধনে
  • ৪ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বারুইপুর: সুসজ্জিত দোতলা সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি হয়ে পড়ে আছে। সূত্রের খবর, ওই কেন্দ্রে বসার চেয়ার-টেবিল নেই। তাই উদ্বোধনে দেরি হচ্ছে। এমনই চিত্র বারুইপুরের শিখরবালি ১ নম্বর পঞ্চায়েতের ত্রিপুরানগর সুস্বাস্থ্য কেন্দ্রের। কবে উদ্বোধন হবে, সেই প্রশ্ন তুলেছেন এলাকার বাসিন্দারা। যদিও বারুইপুর ব্লকের মুখ্য স্বাস্থ্য আধিকারিক অঙ্কিত কুমার বলেন, বিষয়টি সম্পর্কে খোঁজ নেব। শিখরবালি ১ নম্বর পঞ্চায়েতের ত্রিপুরানগর প্রাথমিক বিদ্যালয়ের একটি ঘরে চলত স্বাস্থ্য কেন্দ্র। এতে অসুবিধায় পড়তে হতো পড়ুয়াদের। শেষে পঞ্চায়েত থেকে দুই বিঘা জমি চিহ্নিত করা হয় সুস্বাস্থ্য কেন্দ্র নির্মাণের জন্য। তারপরে দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের অর্থে সেই কেন্দ্র নির্মাণও হয়েছে। এতে ত্রিপুরানগর পূর্ব ও পশ্চিম, রামগোপালপুর, উত্তর শাসন, দক্ষিণ কল্যাণপুর এলাকার কয়েক হাজার মানুষের উপকৃত হওয়ার কথা। এদিকে, কয়েক মাস ধরে এই সুস্বাস্থ্য কেন্দ্র নির্মাণ হয়ে পড়ে আছে। আর স্থানীয় বাসিন্দাদের প্রাথমিক চিকিৎসার জন্য তিন কিলোমিটার দূরে বারুইপুর মহকুমা হাসপাতালে ছুটতে হচ্ছে। বাসিন্দারা বলেন, নজরদারির অভাবে সুস্বাস্থ্য কেন্দ্র চত্বর সন্ধ্যার পরে মদ্যপদের আড্ডাস্থলে পরিণত হচ্ছে। কোনও আলোর ব্যবস্থা নেই আশপাশে। অবিলম্বে এই সুস্বাস্থ্য কেন্দ্র চালু করা দরকার। জানা গিয়েছে, পর্যাপ্ত চেয়ার, টেবিল, এমনকী পানীয় জলের সুবন্দোবস্তও নেই এই সুস্বাস্থ্য কেন্দ্রে। সেজন্যই এর উদ্বোধন আটকে রয়েছে। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ