সংবাদদাতা, বারুইপুর: যাদবপুর কাণ্ডের জেরে উত্তেজনা ছড়াল বারুইপুরে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উপর আক্রমণের প্রতিবাদে সোমবার দুপুরে বারুইপুরের পদ্মপুকুরে দক্ষিণ ২৪ পরগনা জেলা সিপিএমের কার্যালয়ের গেটে তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাল। সেই সময় কার্যালয়ের ভিতরেই ছিলেন সিপিএমের শীর্ষ স্থানীয় নেতৃত্ব। এমনকী, গেটে তৃণমূলের পতাকা লাগিয়ে দেওয়া হয়। অভিযোগ, এর পরেই তৃণমূল কর্মীরা পুলিসের সামনে দলীয় কার্যালয়ে ঢুকে সিপিএমের কর্মীদের হুমকি দিয়ে হামলা চালায়। এক সিপিএম কর্মীর হাত দুমড়ে দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনার প্রতিবাদে সিপিএমের পক্ষ থেকে জেলা কার্যালয় থেকে বারুইপুর থানা পর্যন্ত মিছিল করা হয়। ছিলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী, প্রাক্তন মন্ত্রী কান্তি গঙ্গোপাধ্যায়, প্রাক্তন বিধায়ক রাহুল ঘোষ, জেলা সিপিএমের সম্পাদক রতন বাগচী সহ অন্যরা। সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, কিছু ছেলে বড় নেতা হওয়ার জন্য এই কাজ করেছে। এটা এক ধরনের অসভ্যতা। তালা মেরে দেওয়ার পরে আমাদের ছেলেরাই সেই তালা ভেঙে দিয়েছে। প্রাক্তন মন্ত্রী কান্তি গঙ্গোপাধ্যায় বলেন, ৭০ দশক ফিরিয়ে আনতে চাইছে তৃণমূল। গণতান্ত্রিক ভাবে এর প্রতিবাদ চলবে। অন্যদিকে, বারুইপুর পশ্চিম তৃণমূলের ব্লক সভাপতি গৌতম দাস বলেন, শিক্ষামন্ত্রীর উপরে আক্রমণের প্রতিবাদে তৃণমূল ছাত্র পরিষদ বিক্ষোভ দেখিয়েছে। কোনও হামলা হয়নি। ওদের কেউ আহত হয়নি।



