Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

সিঙ্গুরের নসিবপুরে সেতু ভেঙে বিপত্তি

সিঙ্গুরের নসিবপুর রসুলপুরের একটি ছোট ব্রিজ মঙ্গলবার রাতে ভেঙে খালে পড়ে গিয়েছে। এর জেরে খালের একপাড়ে থাকা প্রায় ১০০টি পরিবার বিপাকে পড়েছে।

সিঙ্গুরের নসিবপুরে সেতু ভেঙে বিপত্তি
  • ২১ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: সিঙ্গুরের নসিবপুর রসুলপুরের একটি ছোট ব্রিজ মঙ্গলবার রাতে ভেঙে খালে পড়ে গিয়েছে। এর জেরে খালের একপাড়ে থাকা প্রায় ১০০টি পরিবার বিপাকে পড়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রসুলপুরের বড় মসজিদে যাওয়ার আগেই ওই সেতুটি আছে। দীর্ঘদিনের সেতুটি জরাজীর্ণ হয়ে পড়েছিল। স্থানীয়রা বারবার সেতুটি সংস্কারের দাবিও করেছিলেন। যদিও অভিযোগ, তাতে কোনও কাজ হয়নি। মঙ্গলবার রাতে একজন ভ্যানচালক প্রায় ২২ বস্তা সিমেন্ট নিয়ে ওই সেতু পার করার সময় তা ভেঙে পড়ে। ভ্যান সহ চালকও উল্টে পড়ে যান খালে। তিনি কোনও মতে রক্ষা পেলেও প্রথমে ভ্যান তোলা যায়নি। পরে পুলিস এসে ক্রেন দিয়ে ভ্যানটি উদ্ধার করে।

Advertisement

এরপর থেকেই এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে। বড় মসজিদ লাগোয়া ১০০টি পরিবার কার্যত মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। স্থানীয় পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে, নতুন সেতু তৈরির পরিকল্পনা আগেই নেওয়া হয়েছিল। কিন্তু স্থানীয় মানুষের মধ্যে সেতু তৈরির স্থান নিয়ে দ্বিমত থাকায় তা কার্যকরী হয়নি। ঠিক হয়েছে, বিষয়টি নিয়ে নতুন করে গ্রামবাসীদের সঙ্গে আলোচনা করা হবে। পাশাপাশি, পঞ্চায়েত কর্তাদের দাবি, সেতু দিয়ে পারাপার সহজ। তবে এলাকাটি বিচ্ছিন্ন হয়ে যায়নি। কারণ, ঘুরপথে মূল ভূখণ্ডে যাতায়াত করা যায়। যদিও তা সময় সাপেক্ষ। সেই কারণেই সেতু তৈরি করা হয়েছিল।

Advertisement
সম্পর্কিত সংবাদ