নয়াদিল্লি: বৈভব সূর্যবংশীকে ঘিরে বিশ্ব ক্রিকেটের বিস্ময় নতুন নয়। মাত্র ১৫ বছরের ছেলেটার বিধ্বংসী ব্যাটিং দেখে অনেকেই মুগ্ধ। একই সঙ্গে প্রশ্ন জাগে মনে, বয়সে জল মেশানো নেই তো? রাজস্থান রয়্যালসের জার্সি গায়ে রাজ্যাভিষেক থেকেই বৈভবের বয়স নিয়ে নানা কৌতূহল। এমনকী, ভারতীয় দলের জার্সিতে আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেলার পরেও তা কমেনি। সেটা অস্ট্রেলিয়ার প্রাক্তন তারকা পেসার ব্রেট লি’র কথাতেই স্পষ্ট। তিনি বলেছেন, ‘বৈভব অসম্ভব প্রতিভাবান। অবিশ্বাস্য ব্যাটিং করছে। আর তা দেখে ভারতের বাইরে অনেকেরই মনে প্রশ্ন, ছেলেটার বয়স সত্যিই ১৫ তো? তবে আমি ওর বয়স নিয়ে ভাবছি না। সত্যিই যদি ১৫ হয়, তাহলে তো খুবই ভালো। কয়েক বছর বেশি হলেই বা কী এসে যায়! বয়স যাই হোক, ওকে নিয়ে সর্বত্র চর্চা। এমন প্রতিভাবান ক্রিকেটার সচরাচর দেখা যায় না। বৈভব দুর্দান্ত আবিষ্কার। আশা করব, ভবিষ্যতে ও আরও সাফল্য অর্জন করবে।’



