মুম্বই: ১৯ বছরের দীর্ঘ লড়াইয়ে ইতি। স্কুলের বন্ধু তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতের পরই মিলল সুরাহা। প্রাক্তন সহপাঠী আসগর আলি ভোরা ফিরে পেলেন নিজের জমি। শেষমেশ মহারাষ্ট্রের মীরা-ভয়ান্দারে জমির খতিয়ানে নিজের নাম নতুন করে অন্তর্ভুক্ত করলেন ৮১ বছরের বৃদ্ধ।
১৯৮৯ সালে দাউদ ভোরার সঙ্গে একটি চুক্তির মাধ্যমে ২,৮১০ বর্গমিটার জমি কিনেছিলেন আসগর। ২০০৭ সালে জমির নথিতে দু’জনের নামও অন্তর্ভুক্ত করা হয়েছিল। কিন্তু সেই বছরের শেষের দিকে জমির আসল মালিক পল অ্যান্থনি ফার্নান্ডেজের এক আইনি উত্তরাধিকারীকে নিয়ে তদন্ত শুরু হয়। হঠাৎই নথি থেকে ভোরার নাম সরিয়ে দেওয়া হয়। সেই থেকে বিতর্কের সূত্রপাত। ২০১৪ সালে মারভিন জোসেফ ফার্নান্ডেজ নামে এক ব্যক্তি নিজেকে পল অ্যান্থনির উত্তরাধিকারী হিসেবে দাবি করেন। একইসঙ্গে সম্পত্তির ৫০ শতাংশের মালিকানায় নিজের নাম নথিভুক্ত করেন।
বাকি ৫০ শতাংশ কিনে নেয় স্বয়ম বিল্ডার্স। আসগর আলির অভিযোগ, ওই নথিতে কারচুপি করা হয়েছিল। পরে মামলা দায়ের হয়। এখানেই শেষ নয়। ২০১৯ সালে বিতর্কিত জমিটির একটি অংশ কিনে নেয় সেভেন ইলেভেন কনস্ট্রাকশনস। এই সংস্থার সঙ্গে আবার বিজেপি বিধায়ক নরেন্দ্র মেহতার যোগ রয়েছে। এনিয়েই টানাপোড়েন চলতে থাকে। গত সেপ্টেম্বর মাসে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে সাক্ষাৎ করেন তাঁর বন্ধু আসগর। নিজের সমস্যার কথা বলেন। জানা গিয়েছে, ভাদনগরের বিএন স্কুলে একসঙ্গে পড়তেন দু’জনে। অবশেষে জমি জট কাটিয়ে মালিকানা ফিরে পেলেন তিনি।



