নিশিন (জাপান): শেফালি ভার্মা, স্মৃতি মান্ধানাদের হাত ধরে এবারের এশিয়ান গেমসে প্রথম স্বর্ণপদকের স্বাদ পেয়েছে ভারত। তার ফলে প্রত্যাশার চাপ বেড়েছে শ্রেয়সদের উপর। সোমবার সরাসরি দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে নামছে টিম ইন্ডিয়া। প্রতিপক্ষ আফগানিস্তান। কয়েকদিন আগে দিল্লিতে পর পর তিনটি ম্যাচে কাবুলিওয়ালার দেশকে বশ মানিয়েছিল ভারতীয় দল। ফলে শ্রেয়সদের মনোবল তুঙ্গে থাকবে। তবে জাপানের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ মোটেও সুখের হয়নি। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে জয় এসেছিল মাত্র ২ রানে।
গৌতম গম্ভীরের কোচিংয়ে গিলরা এখন দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে ব্যস্ত। তাই এশিয়ান গেমসে ভারতীয় দলের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ। এই দায়িত্বে তিনি দারুণ সফলও। গতবার লক্ষ্মণের মগজাস্ত্রেই সোনার পদক জিতে দেশে ফিরেছিলেন ভারতীয় ক্রিকেটাররা।
ভারতীয় ব্যাটিং খুবই শক্তিশালী। ইনিংসের শুরুতে সঞ্জু, অভিষেকের নামার সম্ভাবনাই বেশি। তবে কোচ লক্ষ্মণ যদি সঞ্জুকে নীচের দিকে নামিয়ে বৈভব সূর্যবংশীকে দিয়ে ওপেন করান, অবাক হওয়ার কিছু থাকবে না। দারুণ ছন্দে ঈশান কিষানও। পরের দিকে শ্রেয়স আয়ার, তিলক ভার্মারা দায়িত্ব পালনে বদ্ধপরিকর। তিন অলরাউন্ডার খেলাতে পারে ভারত। সেক্ষেত্রে শিবম দুবে, অক্ষর প্যাটেলের সঙ্গী হবেন ওয়াশিংটন সুন্দর। পেস আক্রমণে বুমরাহ ও অর্শদীপের খেলার সম্ভাবনা বেশি। উলটোদিকে, সদ্য সিরিজ হারার বদলা নিতে চায় কাবুলিওয়ালার দেশ।
ম্যাচ শুরু সকাল ১০-৩০ মিনিটে।
সরাসরি সম্প্রচার সোনি স্পোর্টসে।