Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

জামশেদপুরের রক্ষণ ভাঙাই বড় চ্যালেঞ্জ মোহন বাগানের

আইএসএলের সেমি-ফাইনালের প্রথম লেগে বৃহস্পতিবার অ্যাওয়ে ম্যাচে জামশেদপুর এফসি’র বিরুদ্ধে লড়াইয়ে নামছে মোহন বাগান সুপার জায়ান্ট।

জামশেদপুরের রক্ষণ ভাঙাই বড় চ্যালেঞ্জ মোহন বাগানের
  • ৩ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আইএসএলের সেমি-ফাইনালের প্রথম লেগে বৃহস্পতিবার অ্যাওয়ে ম্যাচে জামশেদপুর এফসি’র বিরুদ্ধে লড়াইয়ে নামছে মোহন বাগান সুপার জায়ান্ট। গ্রুপ পর্বে দু’দলের সাক্ষাতে ঘরের মাঠে জিতলেও টাটানগরে পয়েন্ট খোয়াতে হয়েছিল হোসে মোলিনা-ব্রিগেডকে। তাই নক-আউট পর্বে প্রথম লেগে জিতে ফাইনালের পথে এক পা বাড়িয়ে রাখতে চাইবেন ম্যাকলারেন-লিস্টনরা। সেই লক্ষ্যেই বুধবার সকালে যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডে চূড়ান্ত প্রস্তুতি সেরে নিলেন তাঁরা। সন্ধ্যায় জামশেদপুরের হোটেলে চেক-ইন করে টিম মোহন বাগান। 

Advertisement

গ্রুপ পর্বের পর প্রায় চার সপ্তাহের বিশ্রাম কাটিয়ে বৃহস্পতিবার মাঠে নামবে মোহন বাগান। দীর্ঘ বিরতির পর ফুটবলারদের আবারও এক সুতোয় বাঁধা প্রথম লক্ষ্য কোচ মোলিনার। সেই মতো গত কয়েকদিন অনুশীলন টিম কম্বিনেশনের উপর জোর দেন স্প্যানিশ কোচ। চোটের কারণে এই ম্যাচে নেই মনবীর ও আপুইয়াও। এমন পরিস্থিতিতে দলে বেশ কিছু পরিবর্তনের করতে হচ্ছে কোচ মোলিনাকে। সেমি-ফাইনাল দু’লেগের লড়াই হলেও, আপাতত বৃহস্পতিবারের ম্যাচের উপরই মনঃসংযোগ করছেন বাগান কোচ। তাঁর কথায়, ‘সেমি-ফাইনালের আগে লম্বা বিরতি ছিল। ফলে আমাদের নতুন করে শুরু করতে হচ্ছে। ছেলেরা প্রত্যেকেই সেরাটা মেলে ধরতে তৈরি। লিগ-শিল্ড জয় অতীত। এখন আমাদের লক্ষ্য, কাপ জিতে সমর্থকদের উপহার দেওয়া।’
ভারতীয় ফুটবলে খালিদ জামিলের রক্ষণাত্মক স্ট্র্যাটেজি বেশ চর্চিত। আই লিগ থেকে আইএসএল— মুম্বইকর কোচের মানসিকতায় কোনও পরিবর্তন আসেনি। তাই বৃহস্পতিবার মোহন বাগানের শক্তিশালী আক্রমণভাগকে আরও একবার রুখে দিতে কোনওরকম খামতি রাখবেন না তিনি, তা ভালোই জানেন মোলিনা। সেই মতো উইং প্লে’র উপর বাড়তি জোর দিচ্ছেন বাগান কোচ। বুধবার অনুশীলনেও এরও একবার তা ঝালিয়ে নিলেন। সঙ্গে চলল পাসিং ফুটবলের মহড়া। আর সবার শেষে বিশাল-ধীরাজদের রেখে শুটিং প্র্যাকটিস সেরে নিলেন লিস্টনরা।
আইএসএলের শেষ ছ’টি মুখোমুখি সাক্ষাতে মোহন বাগানকে হারাতে ব্যর্থ জামশেদপুর এফসি। এর মধ্যে চারটিতে জয় পেয়েছে সবুজ-মেরুন ব্রিগেড। স্বাভাবিকভাবেই বৃহস্পতিবার শেষ চারের প্রথম লেগে লড়াইয়ের আগে কিছুটা হলেও এগিয়ে রাখবে ম্যাকলারেন-পেত্রাতোসদের। কোচ খালিদ জামিলের প্রশিক্ষণে চলতি মরশুমে দুরন্ত ফুটবল উপহার দিয়েছে জেএফসি। ঘরের মাঠে গ্রুপ পর্বে ১২ ম্যাচের মধ্যে ৮টিতে জয় পেয়েছে তারা। মোহন বাগানের বিরুদ্ধে শুরুতে পিছিয়ে পড়েও দ্বিতীয়ার্ধে স্টিফেন এজের গোলে হার বাঁচায় জামশেদপুর। বৃহস্পতিবার অবশ্য জয় ছাড়া কিছুই ভাবছেন না জাভি-সানানরা। কোচ খালিদ অবশ্য প্রতিপক্ষকে যথেষ্ট সমীহ করছেন। তাঁর কথায়, ‘দু’লেগের লড়াইয়ে শুরুটা ভালো করাটা খুব জরুরি। তারউপর, প্রথম লেগে আমরা ঘরের মাঠে খেলতে নামছি। তাই ছেলেরা জয় তুলে নেওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী। তবে মোহন বাগান যথেষ্ট ভালো দল। তাই ওদেরকে বাড়তি গুরুত্ব দিতেই হবে।’ উল্লেখ্য, প্লে-অফের লড়াইয়ে মুম্বইয়ের বিরুদ্ধে লাল কার্ড দেখায় এই ম্যাচে নেই মোবাশির রহমান।
 ম্যাচ শুরু সন্ধ্যা ৭-৩০ মিনিটে। 
সরাসরি স্টার স্পোর্টস-থ্রি’তে।

Advertisement
সম্পর্কিত সংবাদ