নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পূর্ব বর্ধমানের সাই কমপ্লেক্সে আরএসএস প্রধান মোহন ভাগবতের সভায় শর্তসাপেক্ষে অনুমতি দিল হাইকোর্ট। ১৬ ফেব্রুয়ারি, রবিবার ওই সভা হওয়ার কথা। মাধ্যমিক পরীক্ষার কারণে ওই সভায় অনুমতি দেয়নি প্রশাসন। ওই কারণে হাইকোর্টের দ্বারস্থ হয় আরএসএস।
Advertisement
শুক্রবার সেই মামলার শুনানির পর শর্তসাপেক্ষে অনুমতি দিয়ে বিচারপতি অমৃতা সিনহা জানিয়েছেন, রবিবার হওয়ায় সেদিন স্কুল খোলা থাকবে না। পরীক্ষাও নেই। সেজন্য শর্তসাপেক্ষে ওই সভার অনুমতি দেওয়া হচ্ছে। যদিও বিচারপতি নির্দেশ দিয়েছেন, কোনও পরীক্ষার্থীর যাতে সমস্যা না-হয়, তা দেখার দায়িত্ব মামলাকারীর। পাশাপাশি বিচারপতি আরও জানিয়েছেন, ওই সভায় লাউডস্পিকার ব্যবহার করা হলে তা নিয়ন্ত্রণের দায়িত্ব থাকবে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের।



