Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বিরোধীদের জবাব দিতে সোশ্যাল মিডিয়ায় বাড়তি নজর বিধায়কের  

বিরোধীদের জবাব দিতে সোশ্যাল মিডিয়ায় বাড়তি নজর বিধায়কের
 
  • ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বারাসত: ২০২৬ বিধানসভা নির্বাচনের আগে হাবড়ায় নিজেদের রাজনৈতিক জমি পুনরুদ্ধার করতে তৎপর হলেন তৃণমূল বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক (বালু)। বিরোধীদের ‘সোশ্যাল জব্দ’ করতে মাঠে নামল ফিয়ারলেস এআইটিসি মেম্বার্স (ফ্যাম)। রবিবার দুপুরে হাবড়ায় বালুর নেতৃত্বে ফ্যামের কর্মসূচি শুরু হল। সামাজিক মাধ্যমে অপপ্রচারের বিরুদ্ধে কীভাবে জনমত গঠন করা হবে, সেই ব্যাপারে ফ্যামের বিশেষজ্ঞ দল কর্মীদের তালিম দিয়েছেন। এদিন হাবড়ার ১৪ নম্বর ওয়ার্ডে ফ্যামের কর্মসূচি শুরু হয়। সেখানে শহরের ২৪টি ওয়ার্ড থেকে বাছাই করা পাঁচজন করে কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হল। বিরোধীরা কোনও অপপ্রচার করলে সামাজিক মাধ্যমে কীভাবে তার জবাব দিতে হবে, সেই ব্যাপারে কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়। একইসঙ্গে তৃণমূল পরিচালিত রাজ্য সরকারের জনমুখী প্রকল্পের প্রচারও সামাজিক মাধ্যমে করা হবে বলে সিদ্ধান্ত হয়।  
Advertisement
ফ্যামের রাজ্য চেয়ারম্যান বিশ্বনাথ মৃধা বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বেনজির উন্নয়ন নিয়ে প্রচার এবং বিরোধীদের অপপ্রচারের জবাব দিতে এদিন কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হল। এদিকে বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, মমতা বন্দ্যোপাধ্যয় হাবড়ার অনেক উন্নতি করেছেন। কর্মীরা সামাজিক মাধ্যমে তার ব্যাপক প্রচার করবেন। বিরোধীরা কোনও অপপ্রচার করলে তারও যোগ্য জবাব দেবেন তাঁরা। আগামী দিনে ফ্যামের মাধ্যমে প্রচার চলবে বনগাঁ, গাইঘাটা, বাগদা, বসিরহাট, সন্দেশখালি প্রভৃতি এলাকায়। 
অন্যদিকে, বছরখানেক আগে কাঞ্চনজঙ্ঘা ট্রেন দুর্ঘটনায় জখম হন হাবড়ার ২১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মনোজ দাস। তিনি রাজ্য পুলিসের কনস্টেবল। এদিন শয্যাশায়ী মনোজের সঙ্গেও দেখা করেন বিধায়ক।
Advertisement
সম্পর্কিত সংবাদ