Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বরাদ্দ তিন কোটি, মিড ডে মিলে বাড়তি দু’দিন ডিম পাবে পড়ুয়ারা

বরাদ্দ তিন কোটি, মিড ডে মিলে বাড়তি দু’দিন ডিম পাবে পড়ুয়ারা
  • ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, ইসলামপুর: পিএম পোষণ প্রকল্পে উত্তর দিনাজপুর জেলায় বরাদ্দ  হল তিন কোটি টাকা। ৩১ মার্চ পর্যন্ত ১১ দিন পড়ুয়াদের মিড-ডে-মিলে সপ্তাহে দু’দিন বাড়তি ডিম দিতে এই বরাদ্দ করা হয়েছে। 
Advertisement
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, স্কুলগুলিতে মিড-ডে-মিল যেভাবে চলছে, তেমনই চলবে। সেই সঙ্গে ৩১ মার্চ পর্যন্ত ১১ দিন শিশুদের ডিম দিতে হবে। মিড-ডে-মিলে পড়ুয়া প্রতি ৬ টাকা ১৯ পয়সা বরাদ্দ আছে। এবার ১১ দিনের জন্য পড়ুয়া প্রতি অতিরিক্ত ৮ টাকা করে দেবে সরকার। এতে অভিভাবকেরা খুশি হলেও শিক্ষা মহলের দাবি, মার্চ পর্যন্ত নয়, ধারাবাহিকভাবে প্রকল্পটি চলুক।
প্রশাসন সূত্রে খবর, উত্তর দিনাজপুর জেলায় ৩ লক্ষ ৪৮ হাজার ৩৯ জন পড়ুয়া আছে। তাদের মাথাপিছু ৮ টাকা করে ১১ দিনের জন্য মোট বরাদ্দ ৩ কোটি ৬ লক্ষ ২৭ হাজার ৪৩২ টাকা। এর মধ্যে কেন্দ্র দিচ্ছে ১ কোটি ৮৩ লক্ষ ৭৬ হাজার ৪৫৯ টাকা এবং বাকিটা রাজ্য।
পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সভাপতি গৌরাঙ্গ চৌহান বলেন, ৬ টাকা ১৯ পয়সা দিয়ে শিশুদের তেমন পুষ্টিকর খাবার দেওয়া সম্ভব হয় না। আমরা বলেছিলাম, বাড়তি ফান্ড পাওয়া গেলে ফল, ডিম কিংবা মাংস দেওয়া যেতে পারে। এবার ফান্ড এসেছে। এতে পড়ুয়াদের পুষ্টিকর খাবার সুনিশ্চিত হল। তবে আমাদের দাবি শুধু মার্চ পর্যন্ত নয়, সারা বছরই প্রকল্পটি চলুক।
অভিভাবকেরা বলছেন, শিশুরা স্কুলে গিয়ে যাতে একবেলা পুষ্টিকর আহার পায়, সেজন্য মিড ডে মিল প্রকল্প চালু হয়েছে।  এবার সেই প্রকল্পে অতিরিক্ত পুষ্টির ব্যবস্থাও হয়েছে। প্রকল্প ঘিরে সংশ্লিষ্ট দপ্তরের কর্তাদের নজরদারি চালাতে হবে যাতে শিশুরা প্রকৃতই পুষ্টিকর খাবার পায়।
ওসি (মিড ডে মিল) অমূল্য সরকার বলেন, আমরা বরাদ্দ পেয়েছি। সপ্তাহে দু’দিন অতিরিক্ত একটি করে ডিম বরাদ্দ হয়েছে। এই সপ্তাহ থেকে জেলায় বাড়তি ডিম দেওয়া চালু হয়ে যাবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ