Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বারবার হেরেও বিজেপির চক্রান্ত চলছে,   বাংলাকে আগলে রাখার বার্তা অভিষেকের

বারবার হেরেও বিজেপির চক্রান্ত চলছে,   বাংলাকে আগলে রাখার বার্তা অভিষেকের
  • ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: স্বমহিমায় অভিষেক। চোখে লড়াইয়ের তেজ। গলায় চড়া সুর। ডাক দিলেন, বাংলাকে আগলে রাখার। প্রত্যয়ী বার্তায় এটাও জানান দিলেন, আগের ভোটে বিজেপির সব ষড়যন্ত্রের জবাব যেমন বাংলার মানুষ দিয়েছেন, ছাব্বিশের ভোটেও তার ব্যতিক্রম হবে না। 
Advertisement
বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের বিশেষ অধিবেশনে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখা গেল আগের চেহারায়। ১০ ঘণ্টা ইডি, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার পরও রাত্রিবেলা তাঁর গলায় বিজেপি বা কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে সুর বিন্দুমাত্র কমেনি, ঠিক তেমনই এদিন নেতাজি ইন্ডোর দেখল অভিষেককে। বরং আরও একটু স্পষ্ট করে বললে, স্বল্প সময়ে জমাটি বক্তব্যের মাধ্যমে নিজেই নিজেকে ছাপিয়ে গেলেন অভিষেক। কখনও কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে সুর সপ্তমে চড়ালেন। কখনও বিজেপিকে এক ছটাক জমি না ছাড়ার শপথ নিলেন। খোলা মঞ্চে ‘দলের বেইমানদের’ চিহ্নিত করার বার্তাও দিয়ে দিলেন। 
সভার শুরুতে মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়। তখন ওই ফুলের বুকে অভিষেকের হাতে তুলে দিতে দেখা গিয়েছে তৃণমূল নেত্রীকে। আবার অভিষেক যখন বক্তব্য রাখতে উঠছেন, তখন ভরা নেতাজি ইন্ডোর সমস্বরে আওয়াজ তুলেছে। নেত্রীর আশীর্বাদ আর কর্মীদের ভালোবাসাকে পুঁজি করেই ঝো঩ড়ো বক্তব্য রাখেন তৃণমূলের সেনাপতি। বললেন, সন্দেশখালি এবং আর জি করের ঘটনা নিয়ে বাংলাকে গোটা দেশের সামনে ছোট করা হয়েছে। কিন্তু বাংলার মানুষকে ভুল বোঝাতে পারেনি। বাংলাকে গুজরাত, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ করতে পারেনি বিজেপি। বুকের রক্ত দিয়ে বাংলাকে আগলে রাখব। বারবার ভোটে হেরেও বাংলার প্রতি চলছে কেন্দ্রের বঞ্চনা, চক্রান্ত, ষড়যন্ত্র।
ভোট এলেই কেন্দ্রীয় এজেন্সির দাপাদাপি বাড়ে। সেই সূত্রেই বিজেপির বিরুদ্ধে সুর সপ্তমে নিয়ে গিয়ে অভিষেক বললেন, ওদের কাছে ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স, নির্বাচন কমিশন, প্রচুর টাকা আছে। কিন্তু তৃণমূল কর্মীদের মতো রক্ত দিয়ে দলকে আগলে রাখার কর্মী গত ১০ বছরে তৈরি করতে পারেনি বিজেপি।
এদিন দলীয় শৃঙ্খলার কড়া বার্তা দিয়েছেন অভিষেক। বলেছেন, অনেকে শুধু  সংবাদমাধ্যমে টিকে থাকবেন বলে দলের শৃঙ্খলা না মেনে অনেক কথা বলছেন। এসব করবেন না। শৃঙ্খলার বাইরে কেউ যাবেন না। দলের সঙ্গে যাঁরা বেইমানি করবেন, তাঁদের চিহ্নিত করে ল্যাজেগোবরে করে বাংলা ছাড়ার দায়িত্ব আমি নিজের কাঁধে তুলে নিলাম। 
Advertisement
সম্পর্কিত সংবাদ