নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২০১৯ সালে বীরভূমের লোকপুর থানার গাংপুর গ্রামের একটি বাড়িতে ভয়াবহ বিস্ফোরণ হয়। সেই ঘটনায় ধৃত বাবলু মণ্ডলকে ১০ বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দিল আদালত। শনিবার কলকাতায় এনআইএর বিশেষ আদালতের বিচারক শুভেন্দু সাহা ওই আদেশ দিয়েছেন। সেই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাস হাজতবাসের নির্দেশ দেন। এনআইএর বিশেষ সরকারি কৌঁসুলি দেবাশিস মল্লিক চৌধুরী জানান, ২০১৯ সালে ওই ঘটনার পর স্থানীয় থানা মামলা দায়ের করে ঘটনার তদন্তে নামে। তারাই বাবলু মণ্ডল ও তার দুই ছেলে মৃত্যুঞ্জয় মণ্ডল ও নিরঞ্জন মণ্ডলকে গ্রেপ্তার করে। আদালত থেকে জামিন পাওয়ার পর বাবলুর দুই ছেলে ‘ফেরার’ হয়ে যায়। পরবর্তী সময়ে তাদের বিরুদ্ধে ‘হুলিয়া’ জারিও হয়। আদালত সূত্রে জানা গিয়েছে, বাবলু মণ্ডল তার বাড়িতে বোমা তৈরির জন্য বিস্ফোরক মজুত করেছিল।
Advertisement
২০১৯ সালের ২০ সেপ্টেম্বর ভয়াবহ বিস্ফোরণে বাবলুর বাড়ির চাল উড়ে যায়। তবে ওই সময় সেখানে কেউ না থাকায় প্রাণহানি ঘটেনি। কিন্তু ওই ঘটনা নিয়ে সেই সময় বীরভূমে ব্যাপক শোরগোল পড়েছিল। স্থানীয় থানার পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করে সিআইডি। ২০২০ সালে মামলার তদন্তভার নেয় এনআইএ। তারা তদন্ত শেষ করে ধৃত বাবলু মণ্ডলের বিরুদ্ধে বেআইনি বিস্ফোরক মজুত সহ একাধিক ধারায় চার্জশিট দেয়। বাবলুর দুই ছেলেকে ‘ফেরার’ দেখানো হয়। সরকারি কৌঁসুলি জানান, এই মামলায় আদালতে সাক্ষ্য দেন মোট ২৮ জন। দীর্ঘ শুনানি শেষে বিচারক বাবলুকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করেন। অন্যান্য ধারাতেও তাকে পৃথক পৃথক সাজা দেন বিচারক। তবে আদালত জানিয়েছে, সমস্ত সাজাই একসঙ্গে চলবে।
এদিকে, ২০২০ সালে উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায় তৎকালীন বিজেপি সাংসদের বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ার ঘটনায় দুই অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে শনিবার ১০ বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দিল কলকাতার বিচারভবনের এনআইএ বিশেষ আদালত। বিচারক ওই সাজার সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে অতিরিক্ত ছ’মাস হাজতবাসের নির্দেশ দেন।