Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বিপুল পরিমাণে নেশার ওষুধ উদ্ধার, গ্রেপ্তার ৪

বিপুল পরিমাণে নেশার ওষুধ উদ্ধার, গ্রেপ্তার ৪
  • ৯ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: শুক্রবার রাতে কোচবিহারের পুণ্ডিবাড়ি ও কোতোয়ালি থানার তিন জায়গায় অভিযান চালিয়ে ৪৫ হাজার বোতল  কাফ সিরাপ, এক লক্ষের বেশি ক্যাপসুল ও ৩০ হাজার ট্যাবলেট উদ্ধার করল পুলিস। দুই ঘটনায় মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এদিন রাতে অভিযান চালানো হয়। প্রায় রাতভর তল্লাশি ও অভিযান চালিয়ে পুলিস এই বিপুল পরিমাণ নিষিদ্ধ নেশার ওষুধ উদ্ধার করে।
Advertisement
পুলিস সূত্রে জানা গিয়েছে, পুণ্ডিবাড়ি থানার পুলিস অভিযান চালিয়ে একটি ট্রাক থেকে ১৩২ কার্টন কাফ সিরাপ উদ্ধার করে। যে কার্টনগুলির প্রত্যেকটিতে ১৫০টি করে বোতল রাখা ছিল। ১৯ হাজার ৮০০টি কাফ সিরাপের বোতল উদ্ধার হয়। পাশাপাশি একটি গোডাউনে হানা দিয়ে মোট ১৪৩ কার্টন কাফ সিরাপ উদ্ধার করে পুলিস। এখানেও প্রতিটি কার্টনে ১৫০টি করে মোট ২৪ হাজার ৪৫০ বোতল উদ্ধার করা হয়। পুণ্ডিবাড়িতে দু’টি অভিযানে মোট ৪৪ হাজার ২৫০ বোতল কাফ সিরাপ উদ্ধার করা হয়েছে। এছাড়াও ছয় কার্টন ক্যাপসুল উদ্ধার করা হয়েছে। সেখানে মোট এক লক্ষ ১৫ হাজার ২০০ ক্যাপসুল ছিল। ঘটনায় পুলিস এক ট্রাকচালক ও খালাসিকে গ্রেপ্তার করেছে।
অপরদিকে, কোচবিহার পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের এক ব্যক্তির বাড়িতে অভিযান চালায় পুলিস। একটি ওষুধের দোকানেও তল্লাশি চালানো হয়। ওই বাড়ি থেকে তিন ধরনের মোট ৩০ হাজার নেশার ট্যাবলেট উদ্ধার করা হয়। অপর এক ব্যক্তির বাড়ি থেকে প্রায় ৩৫ বোতল কাফ সিরাপ ও কিছু ট্যাবলেট উদ্ধার করা হয়। ঘটনায় দেবাশিস মুখোপাধ্যায় ও উৎপল দে নামে দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিস। তাদের আদালতে পাঠিয়ে এদিন দু’দিনের জন্য নিজেদের হেফাজতে নিয়েছে পুলিস। এই বিপুল পরিমাণ ওষুধ কোথা থেকে এসেছে ও কোথায় বিক্রি করা হতো, সবদিকই পুলিস খতিয়ে দেখছে। 
পুলিস সুপার দ্যুতিমান ভট্টাচার্য বলেন, পুণ্ডিবাড়ি ও কোচবিহার কোতোয়ালি থানায় অভিযান চালিয়ে পুলিস বিপুল পরিমাণ কাফ সিরাপ, ট্যাবলেট, ক্যাপসুল উদ্ধার করেছে। দু’টি ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিস ঘটনার তদন্ত চালাচ্ছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ