• ফাঁকা মাঠে কার্যত ছক্কা হাঁকাচ্ছেন রণবীর সিং। সৌজন্যে তাঁর ‘ধুরন্ধর’। এই ছবির হাত ধরে দীর্ঘদিন পর হিটের মুখ দেখতে চলেছেন তিনি। শুক্রবার মুক্তি পেয়েছে ছবিটি। দর্শক-সমালোচকদের থেকে ভালো রেসপন্স পাওয়ায় সপ্তাহান্তে ছবির বক্স অফিসের রেজাল্ট আরও ভালো হবে বলে মনে করা হচ্ছে। তবে এই সময় ছবিটির ভালো ফল করার নেপথ্যে একটি গুরুত্বপূর্ণ কারণ হল কোনও প্রতিযোগী না থাকা। ধনুষ ও কৃতী শ্যানন অভিনীত ‘তেরে ইশক মে’ থাকলেও বলিউডের কোনও ছবি এখন চলছে না। ফলে ভালো সুযোগ পাচ্ছেন রণবীর। তবে এই ছবির সিক্যুয়েল এতটা মসৃণ পথ পাবে না। ছবির সঙ্গেই ঘোষণা করা হয়েছে সিক্যুয়েল মুক্তির তারিখ। জানা গিয়েছে, আগামী বছর ঈদের মরশুমে আসবে সিক্যুয়েল। তবে সেই সময় যশ অভিনীত ‘টক্সিক’, ‘ধামাল ৪’ মুক্তি পাবে। এই দু’টি ছবির সঙ্গে লড়াই করতে হবে রণবীর অভিনীত সিনেমাকে। তবে অনুরাগীরা অবশ্য আশাবাদী। ‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজির প্রথম ছবি যদি দর্শকের মনে ধরে, তাহলে দ্বিতীয় ছবিও মানুষ দেখবেন।



