মোদি-রাহুল দু’পক্ষই মরিয়া, আজ পেশ ডিলিমিটেশন বিল
  • ৩০ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সন্দীপ স্বর্ণকার, নয়াদিল্লি: আজ, সোমবার গোটা দেশের নজর সংসদে। একবার মুখ পুড়েছে মোদির। গত ১৭ এপ্রিল। ২২৬ দিন পর আজ ফের সংসদের বিশেষ অধিবেশনে লোকসভায় ডিলিমিটেশন বিল পেশ করবে মোদি সরকার। পেশ হবে ১৩২তম সংবিধান সংশোধন এবং কেন্দ্রশাসিত আইন সংশোধন বিলও। বিল পাশ করতে সরকারের কাছে এবার যথেষ্ট সংখ্যা আছে বলেই দাবি করা হচ্ছে। রবিবার এক কেন্দ্রীয় মন্ত্রীর মন্তব্য, এবার বিলের পক্ষে ৩৭১ জন সাংসদ রয়েছেন। 

Advertisement

কেন্দ্রীয় মন্ত্রীর দাবি আপাতদৃষ্টিতে সঠিক বলেই মনে হচ্ছে। কারণ, ডিএমকে, শারদপন্থী এনসিপি, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা—মহাজোট ইন্ডিয়ার একের পর এক শরিক কেন্দ্রের দিকে ঝুঁকে। যদিও বিলটি আটকাতে মরিয়া চেষ্টা চালাচ্ছে বিরোধীরা। সেই লক্ষ্যে রবিবার সকালেই দিল্লি বিমানবন্দর থেকে ২১ জনকে নিয়ে উড়েছিল দু’টি চাটার্ড বিমান। গন্তব্য, চেন্নাই এবং সেখান থেকে মুম্বই। একটিতে সোনিয়া গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মল্লিকার্জুন খাড়্গে, এম এ বেবি, কপিল সিবাল সহ ১৩ জন। অন্যটিতে রাহুল গান্ধী, কে সি বেণুগোপালের পাশাপাশি কংগ্রেসের তিন মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার, রেবন্ত রেড্ডি, ভি ডি সতীশন সহ ৮ জন। মোদি সরকারের বিল সমর্থন করতে অনড় এম কে স্ট্যালিনকে বোঝাতেই ছিল এই চেন্নাই-যাত্রা। যদিও তার আগে সোশ্যাল মিডিয়ায় রাহুলের বার্তার জবাবে বিল নিয়ে কেন্দ্রকে সমর্থনের কথা সাফ জানিয়ে দেন ডিএমকে সুপ্রিমো। বিকালে চেন্নাইতে রাহুলকে দেখেই তিনি জড়িয়ে ধরেন। সোনিয়াকে সম্মান জানাতে ‘মা’, মমতাকে ‘সিস্টার’ সম্বোধন করেন। কিন্তু তাঁদের শত অনুরোধ সত্ত্বেও নিজের অবস্থান বদলাননি। বৈঠক সেরে বেরিয়ে রাহুল বলেন, ‘ভাই স্ট্যালিনকে অনুরোধ করেছি। বলেছি, এই বিল স্রেফ সংখ্যা বাড়ানোর ফাঁদ। আসলে গণতন্ত্রের মৃত্যু ঘটাতে চাইছে সরকার।’ রাতে মুম্বইতে ব্রিচক্যান্ডি হাসপাতালে ভরতি শারদ পাওয়ারের সঙ্গে দেখা করেন রাহুল-মমতারা। সিদ্ধান্ত পুনর্বিবেচনার আরজি জানালেও শেষ পর্যন্ত খালি হাতেই ফিরতে হয়েছে বলে খবর।
বিরোধী মহাজোটের নেতানেত্রীরা যখন চেন্নাই-মুম্বই দৌড়ে বেড়াচ্ছেন, তখন বসে নেই শাসক বিজেপিও। এদিন বিকালে বিজেপির সংসদীয় দলের সঙ্গে বৈঠক করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী। তার আগে এক্স হ্যান্ডলে তাঁর ভিডিয়ো বার্তা—মহিলাদের আসন সংরক্ষণে বিজেপি-এনডিএ অঙ্গীকারবদ্ধ। এমনকি, সাংসদদের জন্য হুইপও জারি করেছে মোদির দল। বাড়তি নম্বর নিয়ে তারা আত্মবিশ্বাসী। তবে শেষপর্যন্ত সব প্ল্যান কাজ করবে কি না, তা নিয়ে খানিক চাপা টেনশনও রয়েছে সরকারের অন্দরে। তাই বিরোধীদের গতিবিধির উপর চলছে নজরদারি। কেন্দ্রের এক মন্ত্রী বলেন, ‘আমি তো দেখছি কখন চার্টার্ড ফ্লাইট উড়ল, কোথায় পৌঁছাল, কী হল বৈঠকে!’
বর্তমানে লোকসভায় আসন সংখ্যা ৫৪৩। তা বাড়িয়ে ৮৫০ করার জন্যই আসছে এই সংবিধান সংশোধন বিল। সেটি পাশ করাতে সংসদে প্রয়োজন ‘স্পেশাল মেজরিটি’। অর্থাৎ, লোকসভায় কমপক্ষে ২৭২ জন উপস্থিত থাকলে তবেই ভোটাভুটিতে যেতে পারবে সরকার। আর সেই ভোটাভুটিতে বিল পাশ করাতে প্রয়োজন সেই সময় সভায় উপস্থিত সদস্যের দুই-তৃতীয়াংশের সমর্থন। সেই সংখ্যা পার করতে সরকারের ‘কৌশল’—যেভাবেই হোক উপস্থিতির সংখ্যা কমানো। তারই লক্ষ্যে, জেলবন্দি দুই নির্দল সাংসদ অমৃতপাল সিং এবং আবদুল রশিদ শেখের (ইঞ্জিনিয়র রশিদ) মতো কয়েকজনের হাজিরা আটকানোর চেষ্টা চলছে। এমনকি, বিল পাশের আগে বিরোধীদের কয়েকজনকে সাসপেন্ড করারও প্ল্যান রয়েছে বলে খবর। সংসদে নজিরবিহীনভাবে নিয়োগ করা হয়েছে ১৫০ মার্শাল। ভোটাভুটির আগে কোনো সাংসদ বাইরে গেলে, তাঁকে আর সভায় ঢুকতে দেওয়া হবে না। নিরাপত্তাকর্মীরা আটকাবে। সংখ্যা নিশ্চিত হলে আজ বিলগুলি পাশ করাতে পারে সরকার। 
বিল নিয়ে রাহুল-খাড়্গেরা অহেতুক বিভ্রান্তি ছড়াচ্ছেন বলেও এদিন সরকারের দাবি। বিলে স্পষ্ট বলা আছে, মুখ্য নির্বাচন কমিশনার নয়, সুপ্রিম কোর্টের কোনো বর্তমান অথবা অবসরপ্রাপ্ত বিচারপতির সভাপতিত্বে গঠন হবে ১৩ সদস্যের ডিলিমিটেশন কমিশন। মুখ্য নির্বাচন কমিশনার সেখানে একজন সদস্য মাত্র। এসসি-এসটি আসন সংখ্যাও ৫০ শতাংশ বাড়বে। তবে রাজ্যসভার আসন সংখ্যা একই থাকবে। সরকার এবং বিরোধী উভয়ের অবস্থান-উদ্যোগের ফল কী? আজ দেখবে দেশ।