Bartaman Logo
২৫ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

কবাডির শেষ চারে ভারতের দু’টি দলই

চলতি এশিয়ান গেমসে এখনো পর্যন্ত ভারতের পদকের সংখ্যা আপাতত ১৭। কিন্তু মহিলাদের ক্রিকেট ছাড়া অন্য কোনো খেলায় সোনা আসেনি।

কবাডির শেষ চারে ভারতের দু’টি দলই
  • ২৫ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নাগোয়া: চলতি এশিয়ান গেমসে এখনো পর্যন্ত ভারতের পদকের সংখ্যা আপাতত ১৭। কিন্তু মহিলাদের ক্রিকেট ছাড়া অন্য কোনো খেলায় সোনা আসেনি। বৃহস্পতিবার ২টি রুপো ও ৩টি ব্রোঞ্জ পদক জমা পড়েছে ভারতের ঝুলিতে। উসুতে আশা জাগিয়েও স্বপ্নপূরণ হল না রোশিবিনা দেবীর। ফাইনালে হেরে রানার্স হিসাবে অভিযান শেষ করলেন মণিপুরী কন্যা। দিনের অপর রুপোটি এসেছে ৪×৪০০ মিটার মিক্সড রিলেতে। পাশাপাশি মহিলাদের ১০ হাজার মিটার দৌড়ে ব্রোঞ্জ পান হিমাচলের সীমা কুমারি। ২০১০ সালে কবিতা রাউত এই বিভাগে রুপো পেয়েছিলেন। এর ১৬ বছর পর পদক আনলেন সীমা। এই বিভাগে সোনা জেতেন বাহরিনের উইনফ্রেড ইয়াভি। রুপো পান জাপানের নোজোমি তানাকা। ভারতের বাকি দু’টি ব্রোঞ্জ এসেছে রোয়িং এবং মিক্সড স্কিট শ্যুটিংয়ে।

Advertisement

উসুতে গোটা টুর্নামেন্টেই দুরন্ত ছন্দে ছিলেন রোশিবিনা দেবী। কিন্তু খেতাবি লড়াইয়ে চীনের ঝাং সিয়াউর কাছে ০-২ পয়েন্টে পরাস্ত হন তিনি। সোনা হাতাছাড়া হলেও মন জিতল মনিপুরের ২৫ বছরের যোদ্ধার লড়াই। উল্লেখ্য, গত এশিয়াডেও রুপোতেই সন্তুষ্ট থাকতে হয়েছিল রোশিবিনাকে। এবারও সেই আক্ষেপ নিয়েই দেশে ফিরতে হচ্ছে তাঁকে।
কবাডিতে গতবারের চ্যাম্পিয়ন পুরুষ দল এবারও অপ্রতিরোধ্য। এদিন চাইনিজ তাইপেকে সহজেই বশ মানিয়ে সেমি-ফাইনালে পৌঁছে গেল তারা। ম্যাচের ফল ৩৭-২১। এর আগে দক্ষিণ কোরিয়া, জাপান ও বাংলাদশেকে উড়িয়ে দিয়েছে কবাডি দল। মহিলা দলের দুরন্ত দৌড়ও অব্যাহত। জাপানকে ৫০-২৫ পয়েন্টে হারিয়ে শেষ চারে পৌঁছাল মহিলা দল। সেমি-ফাইনালে তাদের প্রতিপক্ষ নেপাল। জিমন্যাস্টিকসে প্রণতি নায়েক ভল্ট ইভেন্টে ষষ্ঠ স্থান পান। মহিলাদের বক্সিংয়ে ৫১ কেজি বিভাগে দ্রুত বিদায় নিলেন সাক্ষী চৌধুরী।
দিনের শুরুতে ডাবলস স্কালস রোয়িংয়ে ব্রোঞ্জ পান সতনম সিং ও সলমন খান। ৬ মিনিট ১৩.২৫ সেকেন্ডে রেস শেষ করেন তাঁরা। এই বিভাগে চ্যাম্পিয়ন উজবেকিস্তান। শ্যুটিংয়ে স্কিট মিক্সড ইভেন্টেও ব্রোঞ্জ পেল ভারত। অনন্তজিৎ সিং ও পারিনাজ ধালিওয়ালের প্রাপ্ত পয়েন্ট ৪৪। তবে শ্যুটিংয়ে মানু ভাকেরদের পারফরম্যান্সে অনেকেই হতাশ। ওলিম্পিকসের তুলনায় এশিয়াডে একেবারেই বিবর্ণ তাঁরা। বিশেষ করে ওলিম্পিকসে জোড়া পদকজয়ী মানুর রাইফেল ইভেন্টে খালি হাতে ফেরা মানতে পারছেন না ভক্তরা। এই মুহূর্তে পদক তালিকায় ভারতের স্থান ১৫। শীর্ষে রয়েছে চীন। তাদের সংগ্রহে ৮০টি সোনা, ৩০টি রুপো ও ২০টি ব্রোঞ্জ। দ্বিতীয় স্থানে জাপান। তারা পেয়েছে ২০টি সোনা, ৩৪টি রুপো ও ৩৭টি ব্রোঞ্জ। ঝুলিতে ১টি সোনা ছাড়াও রয়েছে ৭টি রুপো ও ৯টি ব্রোঞ্জ পদক।

Advertisement
সম্পর্কিত সংবাদ