নিজস্ব প্রতিনিধি, বারাসত: ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ প্রকল্পে বিভিন্ন ক্যাম্পে গিয়ে মানুষ তাঁদের সমস্যার কথা জানাচ্ছেন। সেই সমস্যার সমাধানের লক্ষ্যেই দেগঙ্গায় তৈরি হচ্ছে বুথভিত্তিক ম্যাপ। সেই ম্যাপ অনুযায়ী, কোথায় কীভাবে কোন কাজ করা হবে, তা ঠিক করছেন বাসিন্দারা। সকলের সামনেই চূড়ান্ত হচ্ছে উন্নয়নের পরিকল্পনা। ব্লক প্রশাসনের দাবি, কোথায় পাকা রাস্তা ও নর্দমা হবে, কোথায় স্ট্রিট লাইট বসবে, কোথায় শৌচাগার হবে, তা ঠিক করা হচ্ছে সকলের সামনেই। বিধানসভা নির্বাচনের আগে বুথ ভিত্তিক উন্নয়নকে নিশ্চিত করতেই ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ কর্মসূচি চালু করেছেন মুখ্যমন্ত্রী। ২ আগস্ট থেকে শুরু হওয়া এই ক্যাম্পে গ্রামের মানুষ এসে এলাকার উন্নয়নের জন্য কী করা দরকার, তা উল্লেখ করে আবেদন করছেন। রাজ্যের মধ্যে দেগঙ্গা ব্লকের চক কলাপোল প্রাইমারি স্কুলের ক্যাম্পে প্রথম বুথভিত্তিক তথ্যের তালিকা ও ম্যাপ তৈরি করতে পেরেছে ব্লক প্রশাসন। এর ফলে গ্রাম সংসদ এলাকায় পরিবারের সংখ্যা, কাঁচা ও পাকা রাস্তার সংখ্যা ও কতগুলি নর্দমা রয়েছে ইত্যাদি তথ্য হাতের কাছে পেয়ে যাচ্ছেন আধিকারিকরা। ফলে, আগামী দিনে তাঁদের পক্ষে কাজ করতে সুবিধা হবে। পাশাপাশি তৈরি করা হচ্ছে কাজের তালিকা। শুধু আমলিয়া পঞ্চায়েত নয়, ব্লকের সব পঞ্চায়েতের ক্ষেত্রেই এই পরিকল্পনা গ্রহণ করেছে ব্লক প্রশাসন। এই প্রসঙ্গে দেগঙ্গার বিডিও ফাহিম আলম বলেন, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ ক্যাম্পে প্রথম কোনও পঞ্চায়েতে সার্বিক বুথভিত্তিক তথ্য ও ম্যাপ তৈরি করা হয়েছে। এর ফলে চাহিদা অনুযায়ী কাজগুলিকে দ্রুত চিহ্নিত করে শুরু করা যাবে।



