সিনেমা দেখার ফাঁকে চলছে বই নিয়ে নাড়াচাড়াও। প্রতিবারের মত ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও নিজস্ব সিনেমা সম্ভার সাজিয়ে বসেছে শহরের ফিল্ম ক্লাবগুলি। শতবর্ষ উপলক্ষে ঋত্বিক ঘটকের উপর নানা রকম বইয়ের সংগ্রহ চোখে পড়ার মত। ফেডারেশন অব ফিল্ম সোসাইটি অব ইন্ডিয়ার স্টলে পাওয়া যাচ্ছে অন্বীক্ষণ থেকে প্রকাশিত ঋত্বিক ঘটক শতবর্ষ সংখ্যা, মেদিনীপুর ফিল্ম সোসাইটির বিশেষ ঋত্বিক সংখ্যা। ঋত্বিকের সিনেমার ছবি দেওয়া ফেডারেশনের বারো পাতার টেবিল ক্যালেন্ডারের চাহিদাও বেশ। সিনে সেন্ট্রাল-এর স্টলে স্ট্যানলি কুবরিকের ‘এ ক্লকওয়ার্ক অরেঞ্জ’-এর সম্পূর্ণ বাংলা চিত্রনাট্যর নিয়ে আগ্রহ তুঙ্গে। মৃণাল সেনের প্রবন্ধ, চিত্রনাট্য, সাক্ষাৎকারের সংকলনেরও চাহিদা ভালো। সিনেমাথেক এর স্টলে অবশ্য ছবি বিশ্বাস, উত্তমকুমারের উপর লেখা বই -এর ‘বক্স অফিস’ ভালোই।



