নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: বাড়ির দোতলার ঘরে মজুত রাখা ছিল বোমা। হঠাৎ সেই বোমা ফেটে জানালার কপাট ছিন্নভিন্ন হয়ে বাড়ির পিছনদিকে ছিটকে পড়ে। দোতলার ঘরটিও ক্ষতিগ্রস্ত হয়। বৃহস্পতিবার সকালে সদাইপুর থানার তুরুকবাড়ি হাট এলাকায় ঘটনাটি ঘটে। আচমকা বিস্ফোরণের বিকট শব্দে এলাকায় আতঙ্ক ছড়ায়। ঘটনার পর থেকেই ওই বাড়ির মালিক শেখ গরিব সহ ওই পরিবারের অন্যরা পলাতক। পুলিস তাদের খোঁজ করছে। গরিব এলাকায় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত। ওই ঘটনায় জেলার রাজনৈতিক মহলে শোরগোল পড়েছে। পদ্ম শিবির তৃণমূলকে কটাক্ষ করেছে। যদিও শাসকদলের নেতৃত্বের দাবি, গরিবের সঙ্গে দলের কোনও যোগ নেই।
বোমা বিস্ফোরণের ঘটনায় ইতিমধ্যে সদাইপুর থানার পুলিস তদন্তে নেমেছে। পুলিসের প্রাথমিক তদন্তে অনুমান, ওই বাড়িতে বোমা মজুত করা ছিল। তা কোনওভাবে ফেটে যায়। কী কারণে ওই বোমা মজুত করা হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। এক পুলিস আধিকারিক বলেন, তদন্ত শুরু হয়েছে। গরিবের খোঁজ চলছে।
এদিন দুপুর পৌনে ১২টা নাগাদ গরিবের বাড়ি থেকে বিস্ফোরণের শব্দ শোনা যায়। সেইসঙ্গে দোতলার ঘর থেকে ধোঁয়া বের হতে দেখেন স্থানীয়রা। ধীরে ধীরে কৌতূহলী জনতার ভিড় জমে। কিন্তু, সেই ফাঁকে বাড়ির মালিক পরিবার সহ চম্পট দেয়। বিস্ফোরণের বিষয়টি সামনে আসতেই বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়ায়। তবে তাঁরা ঘটনার পর থেকে মুখে কুলুপ এঁটেছেন।
পুলিস জানিয়েছে, গরিবের বিরুদ্ধে এর আগেও নানা অভিযোগ উঠেছে। সম্প্রতি মারধর, অশান্তি পাকানোর অভিযোগে সদাইপুর থানার পুলিসের হাতে সে ধরা পড়েছিল। বিজেপির দাবি, এলাকায় অশান্তি পাকানোর ছক কষেই ওই ব্যক্তির বাড়িতে বোমা মজুত করা হয়েছিল। এবিষয়ে তৃণমূলের প্রচ্ছন্ন মদতের অভিযোগও তুলেছে তারা।
ঘটনার পর থেকে তুরুকবাড়ি হাটের পরিস্থিতি থমথমে। স্থানীয় বাসিন্দা ফুটু বিবি বলেন, স্নানের পর কাপড় শুকাতে দিচ্ছিলাম। সেই সময় বিকট শব্দ শুনি। তারপর দেখি, ওই বাড়ির জানালা দিয়ে ধোঁয়া বের হচ্ছে। তা দেখে অনেকেই বাড়ির আশপাশে ভিড় করে। তবে বোমা ফেটেছিল কি না, আমি জানি না।
সাঁইথিয়া, সিউড়ির পর এবার সদাইপুর থানা এলাকায় বাড়িতে মজুত বোমা বিস্ফোরণের ঘটনায় জেলার রাজনৈতিক মহলে তরজা শুরু হয়েছে। জেলা বিজেপির সহ-সভাপতি দীপক দাস বলেন, তৃণমূল মানেই বোমা-বন্দুকের কারবার। শাসকদলের প্রচ্ছন্ন মদতেই ওই বাড়িতে বোমা মজুত করা হয়েছিল। এর পিছনে ছিল অশান্তি পাকানোর ছক। তৃণমূলের জেলা সহ-সভাপতি মলয় মুখোপাধ্যায় অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, পুলিস বোমা বিস্ফোরণের ঘটনায় তদন্ত শুরু করেছে। তারা আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। দল তাতে কোনওভাবে হস্তক্ষেপ করবে না। বিজেপি আমাদের দলকে কালিমালিপ্ত করার চক্রান্ত করছে। তাদের এসব বন্ধ করা দরকার। • ঘটনাস্থলে পুলিস। -নিজস্ব চিত্র