Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

সামশেরগঞ্জে ফের বোমা উদ্ধার

সোমবার সকালে সামশেরগঞ্জের আমবাগান থেকে জার ভর্তি তাজা বোমা উদ্ধার করেছে পুলিস। ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়ায়। আমবাগানের ঝোপঝাড়ের মধ্যে বোমা ভর্তি জারটি রাখা ছিল।

সামশেরগঞ্জে ফের বোমা উদ্ধার
  • ২৭ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, জঙ্গিপুর: সোমবার সকালে সামশেরগঞ্জের আমবাগান থেকে জার ভর্তি তাজা বোমা উদ্ধার করেছে পুলিস। ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়ায়। আমবাগানের ঝোপঝাড়ের মধ্যে বোমা ভর্তি জারটি রাখা ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে এসে এলাকাটি ঘিরে রাখে পুলিস। খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডকে। কে বা কারা কী উদ্দেশ্যে সেখানে বোমা মজুত করেছিল, তা তদন্ত করে দেখছে পুলিস। এলাকায় অশান্তি পাকানোর কোনও পরিকল্পনা ছিল না তাও খতিয়ে দেখছে পুলিস। এদিকে একের পর এক বোমা উদ্ধারের ঘটনায় উদ্বিগ্ন এলাকাবাসী। সামশেরগঞ্জ থানার পুলিস আধিকারিক জানিয়েছেন, জারে অন্তত ১০ থেকে ১৫টি বোমা রয়েছে। বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে তিন পাকুড়িয়া গ্রামের আমবাগানে বোমাগুলি রাখা ছিল। রাতের অন্ধকারে দুষ্কৃতীরা সেখানে জারটি ফেলে পালিয়েছে বলে অনুমান পুলিসের। জারটি নজরে আসতে সন্দেহ জাগে এলাকাবাসীর। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিস এসে জারে বোমা রয়েছে বলে নিশ্চিত হয়। তারপরই এলাকাটি ঘিরে রাখে পুলিস। বম্ব স্কোয়াড এলে সেগুলো নিস্ক্রিয় করা হবে। 
প্রসঙ্গত, গত কয়েকদিন থেকে জঙ্গিপুর মহকুমার সূতি, সামশেরগঞ্জ ও ফরাক্কার বিভিন্ন এলাকায় থেকে লাগাতার বোমা বাজেয়াপ্ত করেছে পুলিস। গত কয়েকদিনে সব মিলিয়ে প্রায় দেড় শতাধিক বোমা উদ্ধারের পর নিষ্ক্রিয় করেছে পুলিস।
দৌলতাবাদে বাড়ির উঠোন থেকে বোমা উদ্ধার: দৌলতাবাদে একটি বাড়ির উঠোনে সকেট বোমা পড়ে থাকতে দেখে আতঙ্ক ছড়াল। পুলিস জানিয়েছে, সোমবার সকালে দৌলতাবাদের মদনপুর পঞ্চায়েতের নিধিনগর খাসপুর গ্রামে মিনারুল শেখের বাড়ির সামনে একটি সকেট বোমা পাওয়া যায়। খবর পেয়ে দৌলতাবাদ থানার পুলিস পৌঁছয়। পরে বম্ব স্কোয়াডের কর্মীরা গিয়ে বোমাটি উদ্ধার করে। কে বা কারা ওখানে বোমা রেখেছিল, তা জানতে পুলিস তদন্তে নেমেছে। মিনারুল শেখ বলেন, সকালে বাড়ির উঠোনে বোমা পড়ে থাকতে দেখে আমরা খুব আতঙ্কিত হয়ে পড়ি। কে, কী কারণে এখানে বোমা ফেলে রাখল-বুঝতে পারছি না। - প্রতীকী ছবি

Advertisement
সম্পর্কিত সংবাদ