নিজস্ব প্রতিনিধি, বারাসত: সোমবার সাতসকালে গলার নলি কাটা দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল অশোকনগরে। পুলিসের অনুমান, অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তিকে খুন করা হয়েছে। মৃতের কাছে নন্দীগ্রাম রুটের বাসের একটি টিকিট পাওয়া গিয়েছে বলে সূত্রের খবর। তা ধরেই মৃতের নাম পরিচয় জানার চেষ্টা করছে অশোকনগর থানার পুলিস। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অশোকনগরের ভুরকুণ্ডা গ্রাম পঞ্চায়েতের বুজরুকদিঘা মোড়ে রয়েছে একটি জলাশয়। জঙ্গলে ঘেরা জলাশয়ে সোমবার সকাল ন’টার সময় এক ব্যক্তির দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। মাথা নিচু অবস্থায় দেহটি পড়েছিল। তাঁর পরনে ছিল সাদা পাঞ্জাবি ও লুঙ্গি। গালে ছিল দাড়ি। নির্জন এলাকায় দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরি হয়। তাঁদের ধারণা, মৃত ব্যক্তি এলাকার কেউ নন। বহিরাগত কোনও ব্যক্তিকে অন্য জায়গায় খুন করে নির্জন এলাকায় ফেলে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে অশোকনগর থানার পুলিস এসে দেহ উদ্ধার করে। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, অজ্ঞাত পরিচয় ব্যক্তির গলার নলি কাটা ছিল। পাঞ্জাবির পকেট থেকে নন্দীগ্রাম রুটের বাসের একটি টিকিট। স্থানীয় বাসিন্দা মহম্মদ হাবিবুর রহমান বলেন, আশেপাশে খুন করার কোনও চিহ্ন নেই। অন্য কোথাও খুন করে এখানে ফেলে রেখে গিয়েছে। পুলিস বিষয়টি দেখছে। অশোকনগর থানার পুলিস জানিয়েছে, মৃত্যুর আসল কারণ জানতে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তাঁর নাম ও পরিচয় জানার চেষ্টা চলছে। সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।



